এমন ওয়ানডে কে দেখিতে চায়!
বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২২০ ওয়েস্ট ইন্ডিজ: ৪২.৪ ওভারে ২২১/২ ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ীমারলন স্যামুয়েলসের দুটি ক্যাচ পড়ল। ফিল্ডারদের কোনো বিকার নেই। দর্শকদের মধ্যেও নেই ‘ইশ্’ ‘উশ্’ ধ্বনি। ক্যাচ পড়াটাও যখন ‘ধরলেই বা কী হতো’ নির্লিপ্তির জন্ম দেয়, সেই ম্যাচের মতো ‘পচা’ ওয়ানডে আর হয় না! কাল মিরপুর স্টেডিয়ামে এমন পচা একটি ওয়ানডেই হলো।সেটি শুধু বাংলাদেশ বড় ব্যবধানে হেরেছে বলেই নয়। সাড়ে ৯১ ওভারের ম্যাচে মুহূর্তের জন্যও কে জিতবে-কে হারবে—এই প্রশ্ন ওঠেনি বলে। ওয়ানডে ম্যাচের তা হলে আর থাকে কী! সিমন্সের ব্যাটে আশ্চর্য ধারাবাহিকতা, স্যামুয়েলসের ড্রাইভে অলস সৌন্দর্য—সবই যেন কিছুটা মূল্য হারায়। এত আগে রেজাল্ট জেনে গেলে আর খেলা দেখার মজা থাকে!থাকে না বলেই ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের মাঝামাঝি সময়েই গ্যালারি ফাঁকা হতে শুরু করেছে। ম্যাচটা যেখানে শেষ হয়ে গেছে, সব দর্শক তা দেখতেও পায়নি। অনেকেই যে তখনো মাঠে ঢোকেনি। প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন মুশফিকুর রহিম। কাল ব্যাটিং নিয়ে যেন সেদিনের ভুল স্বীকার করে নিলেন। ইনিংসের ১০ বল পরই কোনটা যে ঠিক আর কোনটা ভুল, তা গুলিয়ে যাওয়ার অবস্থা। শুরু থেকেই ব্যাটসম্যানদের সে কী রণমূর্তি—আজ ওয়েস্ট ইন্ডিজের একদিন কি আমাদের একদিন! উইকেটে থিতু হওয়ার কোনো চেষ্টা নেই, বলের কাছে পা-টা নেওয়ারও কোনো বালাই নেই। শুধু চালানোর মন্ত্রে চালাতে গিয়ে পাকা আমের মতো টুপটাপ উইকেট পড়তে লাগল।চতুর্থ বলেই অফ স্টাম্পের বাইরের লেংথ বলে ড্রাইভ করে ইমরুল কট বিহাইন্ড। পরের ওভারে চার বলের মধ্যে তামিম ও আশরাফুল তাঁর অনুগামী। তামিম স্লাইস করে বল তুলে দিলেন থার্ডম্যানের হাতে। আশরাফুল ক্যাচিং প্র্যাকটিস করালেন দ্বিতীয় স্লিপে দাঁড়ানো স্যামিকে। একটু দর্শনীয়ভাবে যে, ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর সাংবাদিকের এটিকে মনে হয়েছে, সহকারী কোচ পদের জন্য আবেদন করার অভিনব এক পথ!রান-টানের কথাও বোধ হয় বলা উচিত। ইনিংসের ১০ বল পর স্কোর বোর্ডে ৩ উইকেটে ১। ৩টি উইকেটই পড়েছে ১ রানে। ওয়ানডেতে এর চেয়ে বাজে শুরু আর কি হতে পারে? কী বলছেন, বাংলাদেশেরই তো এর চেয়ে বাজে শুরুর অভিজ্ঞতা আছে। ২০০৩ বিশ্বকাপে পিটারমারিজবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানেই পড়েছিল বাংলাদেশের ৩ উইকেট। চামিন্ডা ভাস ইনিংসের প্রথম তিন বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছিলেন, প্রথম ওভারে নিয়েছিলেন ৪ উইকেট।৩ উইকেটে ০ থেকেও সেদিন ১৫২ হয়েছিল। কাল ৩ উইকেটে ১ থেকে হলো ২২০। শেষ পর্যন্ত এ নিয়ে আর গর্ব করার কিছু থাকেনি। তবে লড়াইটা কিন্তু হাততালি পাওয়ার মতোই। ওয়ানডে ইতিহাসে ৫ রানের কমে ৩ উইকেট হারানোর পর দুই শ পেরোনোর ঘটনা আছে আর মাত্র ৩টি।অবদানটা শততম ওয়ানডে খেলতে নামা অধিনায়ক ও দলের নবীনতম সদস্যের। মুশফিকুর রহিমের ৬৯ আর নাসির আহমেদের ৫০। অমন জঘন্য শুরুর পর এর চেয়ে বেশি কিছু করা কঠিন ছিল তাঁদের জন্য। হাতে সংযমের বেড়ি পরিয়ে রেখে মুশফিকের ১০৯ বলের ইনিংস, যদিও তাতেও আছে মিড উইকেটের ওপর দিয়ে প্রিয় সেই ছক্কা। নাসির জিম্বাবুয়েতে অভিষেকেই হাফ সেঞ্চুরির মতো ওয়ানডেতে দ্বিতীয় হাফ সেঞ্চুরিতেও একই রকম প্রাণবন্ত।এর বাইরে টুকরো টুকরো কিছু ইনিংস আছে। ১২, ২০, ৩০, ২৫...। ১২ রানের ইনিংসটা যেন বিদ্যুচ্ছলকের মতো—দেখা দিতে না-দিতেই মিলিয়ে যাওয়া। খেলেছেন সাকিব আল হাসান। ১ রানে ৩ উইকেট পড়ার পর নেমেও রোচের এক ওভারে ৩টি চার। আক্রমণই প্রতিরোধের সেরা উপায়—এই আপ্তবাক্যে বিশ্বাসটা অবশ্য একটু বেশিই রেখে ফেললেন। রামপলের পরের ওভারেই অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড। সাকিবের কাছে দলের দাবি ছিল ৯ বলে ১২ রানের চেয়ে অনেক বেশি।বোলিংয়ে সেই দাবি মিটিয়েছেন। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে দুটি উইকেটই তাঁর। কিন্তু এর প্রথমটি ৭১ রানে, দ্বিতীয়টি ১৮২-তে। উইকেট পড়াও যখন শুধুই পরিসংখ্যান ছাড়া আর কিছু নয়। প্রথম উইকেটটি অবশ্য রুবেলও পেতে পারতেন। পাননি ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ডানজা হায়াটের ক্যাচ পড়েছে বলে। ফিল্ডারের নাম? সাকিব আল হাসান! শেষ পর্যন্ত হায়াটের ‘মৃত্যু’ সাকিবেরই বাঁহাতি স্পিনে। লং অফে দুর্দান্ত এক ডাইভিং ক্যাচে, ফিল্ডারের নাম? রুবেল হোসেন!লেন্ডল সিমন্স গত ১১ ইনিংসে নবম পঞ্চাশ পেরোনো ইনিংস খেললেন। স্যামুয়েলস ব্যাটে-বলে সফরটিকে স্মরণীয় রাখার পথে আরেক ধাপ এগোলেন। আর ওয়েস্ট ইন্ডিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল ওয়ানডে সিরিজ। আগামী মঙ্গলবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেটা সিরিজের ভাগ্য নিয়ে আর কোনো প্রশ্ন তুলছে না। এটি এখন শুধুই হোয়াইটওয়াশের রক্তচক্ষু মেলে তাকিয়ে।২০০৯-এর ওয়েস্ট ইন্ডিজের স্মৃতি না এবার উল্টোভাবে ফিরে আসে!