এমন দুঃসময় জাতির ইতিহাসে আর আসেনি: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন দুঃসময় জাতির ইতিহাসে আর কখনো আসেনি। এ দেশের মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকারের অপকর্মের প্রতিবাদ করায় দুই সপ্তাহে ১৫৮ জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে সরকার।আজ রোববার বেলা তিনটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক জনসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সংখ্যালঘুদের ওপর হামলা সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ দেশের মুসলিম জনগণ সংখ্যালঘুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থানে বিশ্বাস করে। এই সরকার নিজেদের ধর্মনিরপেক্ষ হিসেবে দাবি করলেও, তাদের সময়েই হিন্দুদের বসতবাড়িতে হামলা, মন্দির জ্বালিয়ে দেওয়া ও সম্পত্তি দখলের ঘটনা ঘটেছে। তারা বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করাতে নিজস্ব এজেন্ট দিয়ে এ ধরনের কাজ করাচ্ছে। আর বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে।মির্জা ফখরুল আরও বলেন, এ সরকার বিনা বাধায় আবার ক্ষমতায় আসার জন্য সংবিধান সংশোধন করেছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তুলে দিয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি রেদোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সাবেক সাংসদ আখতারুজ্জামান মিয়া, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, জেলা জামায়াতের আমির আবদুর হাকিম প্রমুখ। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি গড়েয়াহাট এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মীদের সংঘর্ষের ঘটনায় নিহত ছয়জনের পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মির্জা ফখরুল।