এমন পরিবেশে আমি ও আমার সেতার অভ্যস্ত নই: রবিশংকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সংগীতকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আরও স্পষ্ট করে বললে, পশ্চিমাদের কাছে উপমহাদেশের সংগীতের অফুরান ভান্ডারের দুয়ার খুলে দিয়েছেন। তিনি বিশ্বখ্যাত সেতারবাদক রবিশংকর। ৯১ বছরে পা রেখেছেন। এই বয়সেও থেমে নেই তিনি। আজ এ দেশ তো কাল ও দেশে কনসার্ট করে বেড়াচ্ছেন। বাজিয়ে চলেছেন তাঁর সেতার—যে বাদ্যযন্ত্রের সুর মূর্ছনায় অভিভূত লাখো-কোটি ভক্ত, দর্শক। ষাটের দশকের মাঝামাঝি পশ্চিমে তরুণদের গণজাগরণের সময় ভারতীয় এই সংগীতজ্ঞ একাধারে তিন-তিনটি কনসার্ট করেছিলেন। মনটেরি পপ ফেস্টিভ্যাল, কনসার্ট ফর বাংলাদেশ ও দ্য উডস্টক ফেস্টিভ্যাল নামের কনসার্ট তিনটির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিন-তিনবারের গ্র্যামীজয়ী এই সেতারবাদক ২৯ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ডিজনি কনসার্ট হলে সেতার বাজাবেন। সেই অনুষ্ঠানকে সামনে রেখে তাঁর সাক্ষাত্কার নিয়েছিল রয়টার্স। ওই সাক্ষাত্কারের চুম্বক অংশ তুলে ধরা হলো:প্রশ্ন: পশ্চিমের অনেক নামজাদা শিল্পীর সঙ্গে কাজ করেছেন আপনি। বর্তমানে আপনার সংগীতজগেক কোন দিকে পরিচালিত করছেন?রবিশংকর: প্রথম কথা হচ্ছে, আমি কনসার্টে কাজ করি বেশি। সম্প্রতি ইউরোপে পাঁচটি কনসার্টের কাজ শেষ করেছি। এখন সানফ্রানসিস্কো ও ক্যালিফোর্নিয়ার ইসকোন্ডিডোতে কনসার্টের কথা ভাবছি।প্রশ্ন: ডিজনি হলের অনুষ্ঠানে কী কী থাকছে?রবিশংকর: শেষ মুহূর্তে কী বাজাব সেটা আগেই ঠিক করে রাখি। শাস্ত্রীয় সংগীত দিয়ে শুরু করি। প্রথমটা সাধারণত ষোড়শ শতকের দিকের কোনো বাজনা থাকে। দ্বিতীয়টা থাকে সমসাময়িক কালের শাস্ত্রীয় সংগীত। দ্বিতীয়টিতে ভারতীয় রাগ-রাগিণীর প্রভাব থাকে।প্রশ্ন: এবার মনটেরি পপ ফেস্টিভ্যালের দিকে ফিরে তাকানো যাক। এটা তো ছিল বিশাল এক আয়োজন—যার মধ্য দিয়ে মার্কিন দর্শকদের সঙ্গে আপনার পরিচয় হয়েছিল। সেই কনসার্টের কিছু স্মৃতি বলুন। রবিশংকর: খোলাখুলিই বলি। সে রাতের কনসার্টে আমি জিমি হেন্ড্রিক্স, সিমন, গারফাঙ্কেল, অটিস রেডিংয়ের মতো মানুষদের পাশে বসেছিলাম। এঁরা সবাই সংগীত পরিবেশন করেছিলেন। রক অ্যান্ড রোল কনসার্ট সেদিনই প্রথম উপভোগ করলাম। তবে খুব কোলাহলপূর্ণ ও উচ্চশব্দের ব্যাপার ছিল সেখানে। এত উচ্চশব্দের বাদ্য-বাজনায় অভ্যস্ত ছিলাম না আমি। ব্রিটিশ রক ব্যান্ড ‘দ্য হু’ তাদের গান শেষে যখন যন্ত্রপাতি ভাঙা শুরু করল (উত্তেজনার বশে), সেটা আমি নিতে পারলাম না। এমনকি জিমি হেন্ড্রিক্সকেও দেখলাম চমত্কার পারফরমেন্স শেষে গিটারটি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। এটা সহ্য করা আমার পক্ষে সম্ভব হলো না। তখনই আমি বেরিয়ে এলাম।প্রশ্ন: দুই বছর পর উডস্টকের কনসার্টেও আপনি একই কাজ করেছিলেন?রবিশংকর: সেটাও ছিল ভয়ংকর এক অভিজ্ঞতা। বৃষ্টি হচ্ছিল তখন। হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের। মঞ্চের পেছনে হেলিকপ্টারটি অবতরণ করে। পাঁচ লাখের মতো মানুষ হবে। বৃষ্টিতে ভিজে, কাদায় মাখামাখি হয়ে একেকজনের যাচ্ছেতাই দশা। এর ওপর অধিকাংশই ছিল মাদকাসক্ত। এমন পরিবেশের সঙ্গে আমি ও আমার সেতার অভ্যস্ত ছিলাম না।প্রশ্ন: জর্জ হ্যারিসনের হাত ধরে রক দুনিয়ায় এসেছিলেন আপনি। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের জন্য কনসার্টের আয়োজন করেছিলেন আপনারা। এমন কী জিনিস আপনাদের দুজনের মধ্যে ছিল, যা আপনাদের একই সুতোয় গেঁথেছিল?রবিশংকর: তখন আমি লস অ্যাঞ্জেলেসে ছিলাম। যুদ্ধকবলিত দেশটির মানুষকে কীভাবে সাহায্য করা যায় ভাবছিলাম। একটি কনসার্ট করে অর্থ তোলার কথা মনে উদয় হলো। যা দিয়ে বাংলাদেশের মানুষের কিছু হলেও সাহায্য হবে। জর্জের কাছে কথাটা বলতেই রাজি হয়ে গেলেন এবং আরও বড় পরিসরে কাজটা করার কথা বললেন। তিনি আমার বাসায় এলেন এবং সেখান থেকেই বব ডিলান ও তাঁর আর সব বন্ধুবান্ধবকে ফোন করলেন। অবশেষে কনসার্টের আয়োজন চলতে লাগল। বিস্ময়ের সঙ্গে দেখলাম, শোর টিকিট মুহূর্তের মধ্যে শেষ। বাধ্য হয়ে সন্ধ্যায় আরেকটি শো করতে হলো। অভাবনীয় সাড়া মিলল। বাংলাদেশে নৃশংসতা ও নরহত্যার কথা ২৪ ঘণ্টার মধ্যে জেনে গেল বিশ্ববাসী।