এমন প্রাচীর হবে, তা ভেঙে সরকার ক্ষমতায় থাকতে পারবে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এমন দুর্ভেদ্য প্রাচীর সৃষ্টি হবে, যে প্রাচীর ভেঙে সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে এ কথা বলেন মওদুদ। দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।গতকাল মঙ্গলবার মানবপ্রাচীর কর্মসূচি পালন করে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল। এর সমালোচনায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ মন্তব্য করেছিলেন, ‘গুটিকয়েক বিএনপি-জামায়াতের কর্মীর মানববন্ধন জনমতের প্রতিফলন নয়।’ হাছান মাহমুদের ওই বক্তব্যের জবাবে মওদুদ আহমদ বলেন, ‘১৮ দলের ওই মানবপ্রাচীর থেকে এমন মানবপ্রাচীর হবে, যা হবে দুর্ভেদ্য। সরকার এই প্রাচীর ভেঙে ক্ষমতায় থাকতে পারবে না।’মওদুদ আহমদ বলেন, ধাপে ধাপে কর্মসূচি দিয়ে জনগণকে সম্পৃক্ত করে, গণজাগরণ সৃষ্টি করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। তিনি দাবি করেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণ নিজের ইচ্ছামতো ভোট দিতে পারলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। সে জন্যই আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন দেওয়ার কথা বলছে।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্র থাকবে কি থাকবে না—এটা এখন দেশের সবচেয়ে বড় সংকট। রাজপথেই এর সমাধান করতে হবে।’তীব্র শীতেও সরকার দরিদ্র মানুষের জন্য কোনো ধরনের শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করেনি বলে দাবি করেন মওদুদ।