৩১ ডিসেম্বর ২০১০বছরের শেষ দিনে এসে ২০১০ সালে পাওয়া না-পাওয়ার হিসাব মেলাতে বসে মন ভরে যাচ্ছে। আহা, কী দারুণ একটা বছরই না গেল! বছরের শুরুটাই তো চমক দিয়ে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে টপকে বীরদর্পে ফাইনালে উঠল বাংলাদেশ! ভারতের সঙ্গে সেই ফাইনালেও তো হাড্ডাহাড্ডি লড়াই। শেষ ওভারে বাংলাদেশ হেরেছে বটে, কিন্তু এর আগে কাঁপিয়ে দিয়েছে ধোনির দলকে।ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে আরও বড় চমক। প্রথম টেস্টে চার দিন সমানে-সমানে লড়ার পর শেষ দিনে গিয়ে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে প্রাধান্য রেখে ড্র। প্রভাত যে দিনের সঠিক পূর্বাভাসই দেয়—এটি সত্যি প্রমাণ করে সারা বছরই বয়ে চলেছে সাফল্যের এই ধারা। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে গিয়ে একটি ওয়ানডেতে জয়, ড্র হয়েছে একমাত্র টেস্টটি। সেখান থেকে দেশে ফেরার পরপরই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি তো আরও স্মরণীয়। প্রথম ওয়ানডে জেতার পরের দুটি ম্যাচেও সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়ে ১-২-এ হেরেছে বাংলাদেশ। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও দুই টেস্টেই দারুণ লড়াই, তিন দিন পর্যন্ত তো পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য। মে মাসে ইংল্যান্ডে গিয়ে লর্ডসে তিন দিনে হারার পর ইংলিশ মিডিয়া যখন ‘এরা কেন টেস্ট ক্রিকেট খেলবে’ বলে চিত্কার-চেঁচামেচি শুরু করেছে, ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টের পর তারাই বাংলাদেশ-স্তুতিতে মগ্ন। ইংল্যান্ড যে শেষ জুটির লড়াইয়ে কোনোমতে পরাজয় বাঁচিয়েছে! জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তো বাংলাদেশ-বাংলাদেশ রব। টুর্নামেন্ট শুরুর আগে কেউ কি কল্পনা করেছিল নাকি যে, বাংলাদেশ সেমিফাইনালে খেলবে!শুধু কি ক্রিকেট, অন্য খেলাতেও তো বাংলাদেশের ২০১০ ফুলেপল্লবে শোভিত। ফুটবলে আবার নিয়মিত গ্যালারিভর্তি দর্শক। এই প্রথম জাতীয় দলের হাস্যমুখ বিদেশি কোচের কাছ থেকে দরাজ সার্টিফিকেট—‘বাফুফে দারুণ পেশাদার এক সংগঠন’। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি কোচের ওপর ছড়ি ঘোরানোটাই তাদের একমাত্র কাজ মনে করার অতীত সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আসল কাজ—ফুটবলারদের পোশাক-আবাসন-অনুশীলনের সুব্যবস্থা করানোয় মন দিয়েছে। মাঠেও বাংলাদেশ ফুটবল দল মাঝেমধ্যেই চমকে দেওয়ার পুরস্কার পেয়েছে ফিফা র্যাংঙ্কিংয়ে প্রায় ৪০ ধাপ উল্লম্ফনে।বছরের শুরুর দিকে এসএ গেমসে প্রত্যাশিত ইভেন্টগুলোতে বটেই, অপ্রত্যাশিত অনেক ইভেন্টেও সাফল্য-পদক তালিকায় বাংলাদেশকে রেখেছে শুধুই ভারতের পর। গেমস শুরুর আগে হাজারো বিশৃঙ্খলা ও সংশয়কে জয় করে বাংলাদেশ আয়োজক হিসেবেও পেয়েছে ‘জিপিএ ফাইভ’। এই একটা বছর, যেটির দিকে ফিরে তাকালে মনে হচ্ছে, ইতিবাচক বদলের হাওয়া লাগেনি কোথায়! সব ক্রীড়া ফেডারেশনই নির্বাচিত সভাপতি পেয়েছে এ বছর। ক্রীড়া অন্তঃপ্রাণ সেসব সংগঠকের নেতৃত্বগুণে জোয়ার এসেছে সব খেলাতেই। ঢাকাকেন্দ্রিকতা কাটিয়ে উঠে ফেডারেশনগুলো এত দিনে প্রমাণ করেছে নামের সঙ্গে জুড়ে থাকা ‘জাতীয়’ শব্দটার সার্থকতা। সারা দেশে মাঠে মাঠে খেলা। সব মিলিয়ে ২০১০ হয়ে থাকল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক (শব্দটা কি রাজনৈতিক শোনাচ্ছে নাকি!) এক মাইলফলক।১ জানুয়ারি ২০১০ বছরের প্রথম দিনে দাঁড়িয়ে ওপরের লেখাটা এখন আবার পড়ুন। ‘আহা’ শব্দটা আবারও ব্যবহার করতে ইচ্ছে করবে। আহা, সত্যিই যদি এমন হতো!হওয়াটা কি খুব কঠিন কিছু? লেখা হয়েছে স্বপ্নের ডানায় উড়ে উড়েই, কিন্তু এমন কোনো অসম্ভব স্বপ্নমঙ্গল কাব্য তো এটি নয়। হ্যাঁ, খেলায় জয়-পরাজয়ের জায়গাটাকে কেউ স্বপ্নবিলাস মনে করতে পারেন। ঠিক আছে, খেলায় ভালো করাটা তো আর সব সময় ঘোষণা দিয়ে করার নয়। কিন্তু কিছু জিনিস তো চাইলেই করা যায়। খেলার মূল যে উদ্দেশ্য, সেই খেলার আনন্দে খেলাকে সারা দেশে ছড়িয়ে দিতে এমন খুব বেশি কিছু কি লাগে!হ্যাঁ, লাগে। ক্রীড়াঙ্গনের নীতিনির্ধারক ও সংগঠকদের ক্রীড়ামনস্ক মন লাগে। খেলা যে নিছক খেলা ছাড়িয়ে আরও বড় কিছু—সুস্থ বিনোদনের সঙ্গে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, নেতৃত্বগুণ শেখার পাঠশালা—এই উপলব্ধি লাগে। আর লাগে সেই উপলব্ধি বাস্তবায়নের জন্য নিবেদন এবং প্রতিজ্ঞা। নতুন বছরে কি দেখা যাবে তা? নাকি সেই গড্ডলিকা প্রবাহেই ভেসে ভেসে চলবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সালতামামিতে থাকবে সেই একই আক্ষেপের গল্প এবং সংবাদপত্রের বর্ষশুরু সংখ্যায় ‘এই চাই, সেই চাই’ বলে গত্বাঁধা আশার বয়ান। বছর শেষে আবার ‘কিছুই তো হলো না’ বিলাপ...বিষম এক চক্রেই ঘুরপাক খেতে থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন?কী চাই কী চাই নাচাওয়ার তালিকা অনেক দীর্ঘ। না-চাওয়ারও তা-ই। সব চাওয়া এক বছরে পূর্ণ হওয়ার নয়। তবে অনেক কিছু শুরু করে দেওয়া যায়, কিছু তো শেষই করে ফেলা যায়। ক্রিকেটের কথাই ধরুন না।বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুবাদে অন্য খেলাগুলোর তুলনায় ক্রিকেট একটু বেশিই মনোযোগ পায়। সেই ক্রিকেটের জন্য ২০১০ সালটার অন্য রকম তাত্পর্য। নভেম্বরে পূর্ণ হচ্ছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক দশক। এই এক দশকে প্রাপ্তির আনন্দের চেয়ে অপ্রাপ্তির হাহাকার এত বেশি যে, আগামী ১০-১১ মাসে চাওয়া-পাওয়ার সেই দুস্তর ব্যবধান ঘুচবার নয়। টেস্ট ক্রিকেটে নবীনতম দলের এমন হওয়াটায় কোনো অস্বাভাবিকত্ব নেই। কিন্তু এটাকে যে নিছকই সান্ত্বনা বলে মনে হচ্ছে এবং শেষ পর্যন্ত সান্ত্বনা হতে পারছে না, তার কারণ একটাই—মাঠের বাইরে সবকিছু যে ঠিকঠাক করা হয়নি, এটা তো আমরা জানি। অজ্ঞতা, চিন্তাভাবনায়-কাজেকর্মে-অপেশাদারিত্ব, কখনো কখনো কর্মোদ্যোগহীনতায় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস অনেকটাই ‘বানরের গলায় মুক্তোর হার’ উপমার কথা মনে করিয়ে দেয়। টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগ থেকে যে কথাটা শুনতে শুনতে কান পচে যাওয়ার জোগাড়, নতুন বছরে জেলা ও বিভাগীয় ক্রিকেট সংস্থা করে সেই বিকেন্দ্রীকরণের কাজটা শেষ হলেই আমরা অনেক পেয়েছি বলে ভাবব। অনাহারে থাকতে থাকতে নাকি মানুষের পাকস্থলী ছোট হয়ে যায়। দেখুন, না পেতে পেতে আমাদের চাওয়াও কত সামান্য হয়ে যায়! ফুটবলে কী চাই? এখানে চাওয়া তো আরও সামান্য—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাব্যক্তিরা যেন এক মন-এক প্রাণ হয়ে কাজ করেন। এটা আবার চাওয়ার মতো কিছু হলো নাকি ভেবে বিস্মিত হচ্ছেন? বাফুফের অন্দরমহলের খোঁজখবর রাখেন, এমন কেউ অবশ্যই তা হবেন না। কারণ, তাঁদের এটা জানা যে, মুমূর্ষু বাংলাদেশের ফুটবল যাঁর ছোঁয়ায় আবার প্রাণ ফিরে পাওয়ার সম্ভাবনা জাগিয়েছে, সেই কাজী সালাউদ্দিনের লড়াইয়ের সহযাত্রী হওয়ার বদলে তাঁকে পেছনে টেনে ধরার লোকই বাফুফেতে বেশি! বাংলাদেশ ছাড়ার আগে এডসন সিলভা ডিডো তো আর এমনিতেই বলে যাননি, ‘সালাউদ্দিন ইজ সারাউন্ডেড বাই শার্কস্!’দর্শক আবেদনের দিক থেকে ফুটবল-ক্রিকেটটা বাকি সব খেলার চেয়ে অনেক এগিয়ে বলেই এই দুটির কথা একটু আলাদা করে বলা। নইলে সব খেলাতেই চাওয়ার আছে একটাই। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এল কি এল না, তার চেয়েও খেলার আনন্দে খেলার ব্যাপারটা যেন গুরুত্ব পায়। স্কুলগুলো যেন ছোট্ট শিশু-কিশোরদের দিগ্গজ পণ্ডিত বানিয়ে ফেলাটাকেই একমাত্র কর্তব্য মনে না করে তাদের খেলার অধিকারের কথাটাও মনে রাখে। খুব বেশি দিন আগের কথা নয়, যখন স্কুলে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তো নিয়মিত হতোই, আন্তস্কুল অ্যাথলেটিকস-ফুটবল পেত রীতিমতো উত্সবের রূপ। নতুন বছরে এই সংস্কৃতিটা আবার ফিরিয়ে আনা যায় না? জগতে আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ অনেক ভারী ভারী কথার (মোটেই ভারী নয়, খুবই সাধারণ কথা, কিন্তু সেসব কথা কাজে রূপায়িত হয় না বলেই ভারী বলে মনে হয়) পর শেষটা হোক একটু আনন্দ দিয়ে। ঠিক আনন্দ নয়, আনন্দসংবাদ। ২০১০ সালেই আসছে ওই একটা মাস, যখন পুরো বিশ্বই বাকি সবকিছু ভুলে বিভোর হয়ে থাকবে এক আনন্দযজ্ঞে। এটা বিশ্বকাপ-বছর, জুন-জুলাইয়ে বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশ তাতে নিছকই দর্শক এবং কোনো দিন এই ভূমিকার পরিবর্তন হওয়ার সম্ভাবনাও সুদূরপরাহত। এমনই অবস্থা যে, এ নিয়ে আফসোস করাটাও হাস্যকর শোনায়। তাতে কী, বিশ্বকাপ ফুটবল সত্যিকার অর্থেই এমন এক আনন্দযজ্ঞ, যাতে সবারই নিমন্ত্রণ। ওই একটা মাস বাংলাদেশকেও ভাসিয়ে নিয়ে যাবে বিশ্বকাপের বিপুল তরঙ্গ। অদ্ভুত একটা ঘোরের মধ্যে কাটবে দিনরাত্রি। সরাসরি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগও যে দেশের জোটে না, সে দেশে এমন দুকূলপ্লাবী বিশ্বকাপ উন্মাদনা দেখে মনে আবার উঁকি দিতে পারে ওই ‘আহা’ শব্দটা। আহা, বাংলাদেশ যদি বিশ্বকাপ ফুটবলে থাকত, তাহলে কেমন হতো!