এমন যদি হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ জুন, ২০১০। সকালে হাঁটার সময় ধানমন্ডি লেকের রাইফেল স্কয়ারের প্রান্তে দেখলাম পানিতে গাঁথা তিনটি পতাকা। দুটি আজেন্টিনার, একটি ব্রাজিলের। পতাকার দিক থেকে ব্রাজিল ২-১ গোলে হেরে বসে আছে। ফলাফলটা গৌণ, কিন্তু আসলেই যদি এবারের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হয়, তাহলে আমরা কি পাগল হয়ে যাব না? এটি আগে কখনো হয়নি, গত ১৮টি বিশ্বকাপে। এবার কি হবে? নির্ঘণ্ট দেখলাম। আর্জেন্টিনা ‘বি’ গ্রুপে আর ব্রাজিল ‘জি’ গ্রুপে। যদি দুটি দলই প্রথম রাউন্ডে নিজ নিজ গ্রুপে প্রথম হয় এবং দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার আর সেমিফাইনালে জেতে, তাহলে ১০ জুলাই এ দুটো দলের প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে দেখা হতে পারে।আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে দেখা হতে পারে উরুগুয়ের সঙ্গে। একসময় উরুগুয়ের মাঠ কাঁপানো মিডফিল্ডার ছিল এঞ্জো ফ্রান্সেসকোলি। তখনো উরুগুয়ে তেমন কিছু করতে পারেনি। এবার তাদের ভরসা ডিয়েগো ফোরলান। কিন্তু বাছাইপর্বেই প্রায় বাদ পড়তে যাওয়া আর্জেন্টিনা এই উরুগুয়েকে বোলাত্তির দেওয়া এক গোলে হারিয়েই মূল পর্বে এসেছে। কাজেই উরুগুয়েকে হয়তো আর্জেন্টিনা হারাতে পারবে। আরেক দিকে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে দেখা হতে পারে চিলির সঙ্গে, যেটা ব্রাজিল হয়তো সহজেই জিতবে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কিন্তু খবর আছে। চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে হল্যান্ড, যে দলে আছেন দুর্ধর্ষ আরিয়েন রোবেন আর ওয়েসলি স্নাইডার। যাঁরা এবারের বায়ার্ন মিউনিখ আর ইন্টার মিলানের চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা দেখেছেন, তাঁদের নিশ্চয়ই স্নাইডারের ক্ষুরধার খেলার কথা মনে আছে। আর্জেন্টিনার ডিয়েগো মিলিতো এবং স্নাইডার যদি ওই ওয়ান টু পাস না খেলতেন, তাহলে ইন্টারের পক্ষে জেতা সম্ভব হতো না। ঠিক এক সময় ইতালির নাপোলির পক্ষে যেমন ওয়ান টু পাস খেলে জিততেন ম্যারাডোনা ও ব্রাজিলের কারেকা। এ লেখা রচনা করার সময় (২ জুন) দেখেছি হল্যান্ড প্রীতি ম্যাচে ঘানাকে ৪-১ গোলে হারিয়েছে।আরও একটি ব্যাপার আছে ব্রাজিল-হল্যান্ডের মধ্যে। যুক্তরাষ্ট্রে ’৯৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ডেনিস বার্গক্যাম্পের হল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল রোমারিও আর বেবেতোর ব্রাজিল। সেই হল্যান্ড এখন আরও ক্ষুরধার হয়েছে। কাজেই প্রতিপক্ষ যেখানে এই হল্যান্ড, ব্রাজিলের পথ মোটেই মসৃণ নয়। আর্জেন্টিনার জন্য কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করতে পারে জার্মানি। বিশ্বকাপ ফুটবলে জার্মানি (তখন পশ্চিম জার্মানি) আর আর্জেন্টিনার লড়াই কুরুক্ষেত্রের যুদ্ধকেও যেন হার মানায়। যে ম্যারাডোনা একটি রুমালসম জায়গায় তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে তাঁদের মাথা ঘুরিয়ে দিতে পারতেন, সে ম্যারাডোনাকে ’৮৬-র মেক্সিকোর বিশ্বকাপ ফাইনালে জার্মানি নিষ্ক্রিয় করে রাখার বুদ্ধি নেয়। তবে তাঁকে আটকানো সম্ভব হয়নি। ব্রাউন এবং ভালদানোর দেওয়া দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে পশ্চিম জার্মানি ম্যাচে ফেরে রুমেনিগো আর ফোলারের দেওয়া গোলে। খেলা শেষ হতে তখন আর মাত্র ৯ মিনিট বাকি, কিন্তু ম্যারাডোনা বুরুচাগাকে দেন দুর্দান্ত এক পাস। সেই পাস থেকে গোল করেন বুরুচাগা। দ্বিতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ঠিক ইতালিতে পরের বিশ্বকাপে (১৯৯০) ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডে থেকেই বিদায় করে দেয় ম্যারাডোনার আরেকটি দুর্দান্ত পাস। সেবার তাঁর পাস থেকে গোল করেছেন ক্যানেজিয়া। আঘাতে আঘাতে জর্জরিত ম্যারোডোনা সেবার প্রায় খুঁড়িয়েই খেলছিলেন। ওই ম্যাচ শেষে ম্যারাডোনা তাঁর চিরায়ত অহং নিয়ে বলেছিলেন, ‘আমি তো মাত্র এক মিনিট খেলি, বিপক্ষ দলকে কোণঠাসা করতে এটাই যথেষ্ট।’ সেবার মেক্সিকোর রেফারি কোদেসালের একটি বাজে সিদ্ধান্তের কারণে জার্মানি ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে শিরোপা জিতে নেয়। ম্যারাডোনা কেঁদেছিলেন, সঙ্গে কেঁদেছিলাম আমরাও।এবার অবশ্য একটি প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা জার্মানিতে গিয়ে জার্মানিকে হারিয়ে আসে ১-০ গোলে। বালাক চোট পেয়ে বিশ্বকাপের বাইরে চলে গেছেন। বালাকবিহীন জার্মানিকে হারাতে আর্জেন্টিনার খুব একটা বেগ পেতে হবে বলে মনে হয় না।অনুমিত এই সমীক্ষা অনুযায়ী, ব্রাজিল আর আর্জেন্টিনা যদি সবগুলো ম্যাচ ধাপে ধাপে জিতে আসে তাহলে বর্তমানে দুর্দান্ত ফুটবল খেলা স্পেনই হবে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ। এই দলে আছেন তোরেসের মতো স্ট্রাইকার। আছেন জাভি আর ইনিয়েস্তার মতো মিডফিল্ডার। তবে একটা ব্যাপার, স্পেনকে সবসময় আমার কাছে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে খেই হারিয়ে ফেলা একটা দলই মনে হয়েছে। এ কারণেই আর্জেন্টিনা-স্পেন সেমিফাইনাল হলে আমি আর্জেন্টিনাকেই এগিয়ে রাখব।আর ব্রাজিলের সঙ্গে সেমিফাইনালে দেখা হতে পারে ইংল্যান্ডের। যারা এবারের বিশ্বকাপের ফেবারিটদের মধ্যে আছে জোরেশোরেই। তবে ব্রাজিলের কাকা আছেন, ফ্যাবিয়ানো আছেন, আছেন রবিনহো। আশা করি, তাঁরা নিশ্চয়ই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠতে পারবেন। আমরা দেখব ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের এক ফাইনাল। আবার ধানমন্ডি লেকের পতাকার হিসেবে ফিরে আসি। আর্জেন্টিনা সেখানে ২-১ পতাকায় জিতে আছে। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে ম্যারাডোনার আর্জেন্টিনাকে দুঙ্গার ব্রাজিল আর্জেন্টিনা গিয়েই হারিয়ে এসেছিল ৩-১ গোলে। বিশ্বকাপ ফাইনালে যে ফলই হোক, সে পরেই হিসাব করা যাবে। আপাতত একটা ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের অপেক্ষায় থাকি আমরা।লেখক: ড. মোহীত উল আলম, অধ্যাপক ও প্রধান, ইংরেজি বিভাগ, ইউল্যাব।