এমন সময়ে ম্লান মেসি!
এ গ্রহের নয় যেন অন্য গ্রহের ফুটবলার তিনি। ফিফার তিনবারের বর্ষ সেরা লিওনেল মেসি যেভাবে প্রতিপক্ষের রক্ষণ-ব্যূহ ভেদ করে দলকে গোলের পর গোল এনে দেন, তাতে এমনটা বলাই যায়।চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬৩টি গোল করেছেন মেসি। আর চারটি গোল করলে স্পর্শ করবেন কিংবদন্তি জার্ড মুলারের এক মৌসুমে সর্বোচ্চ ৬৭ গোলের রেকর্ড। কিন্তু এমন সময়ে আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর ম্লান হয়ে পড়লেন, যখন তাঁর জ্বলে ওঠাই বার্সার জন্য অপরিহার্য।যাকে গোলের পেছনে ছুটতে হয় না বরং গোলই বলতে গেলে তাঁর পেছনে ছোটে, সেই মেসি গোল খরায় থাকলেন পর পর তিন ম্যাচ! চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের সেমিফাইনাল, লা লিগায় রিয়ালের বিপক্ষে ম্যাচ, সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগের সেমিফাইনাল। আর এই তিন ম্যাচেই ভেঙে চৌচির বার্সার লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন।চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে হলে চেলসিকে হারাতে হতো বার্সার। প্রথম লেগের সেমিফাইনালে মেসি ম্লান থাকলেন। বার্সা হারল ১-০ গোলে। গতকালও গোল পেলেন না মেসি। এদিন তো পেনাল্টিই মিস করে বসলেন। দ্বিতীয় লেগের সেমিফাইনালে বার্সা ড্র করল ২-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল চেলসি, বিদায়-ঘণ্টা বাজল বার্সার।লা লিগায় অবশ্য ব্যাপারটা অন্য। ওখানে বিদায়-টিদায় নেই। ওখানে বার্সা ব্যর্থ। ব্যর্থ আরও একটি স্প্যানিশ লিগের শিরোপা হাত দিয়ে ছুঁতে। লিগে মাত্র চারটি ম্যাচ বাকি। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার ব্যবধান ৭ পয়েন্টের। বাস্তবতা বলছে, বার্সেলোনার টানা চতুর্থ লা লিগা শিরোপা জয়ের স্বপ্ন শেষ। অথচ রিয়াল মাদ্রিদকে ‘এল ক্লাসিকো’তে হারালেই শিরোপার কাছাকাছিই চলে যেতে পারত বার্সেলোনা। ওই ম্যাচ হারার পর মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, শিরোপা যাচ্ছে এবার ন্যু ক্যাম্পের বদলে সান্তিয়াগো বার্নাব্যুতে। ২০০৮ সাল থেকে সাফল্যের চূড়ায় বাস করতে থাকা বার্সেলোনা এবার ব্যর্থতার বাস্তবতাটা মেনে নিয়েছে। রিয়ালের বিপক্ষে সর্বশেষ হারের পরই সংবাদ সম্মেলনে হোসে মরিনহোর দলকে আগাম অভিনন্দন জানিয়েছেন ম্যানেজার পেপ গার্দিওলা।মেসি নিষ্প্রভ, নিষ্প্রভ বার্সাও। বার্সা-বিরোধীদের সেই পুরোনো অভিযোগটি কি প্রমাণিত হয়ে গেল না যে বার্সা শুধুই মেসি-নির্ভর দল !