এমন সোনালি দিন কখনো আসেনি আগে
দিনটিকে আলাদা করে বোঝাতে উপযুক্ত শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। আগের দিন তিনটি সোনা জেতার পরই ‘সোনায় মোড়ানো এক দিন’ বলা হয়েছিল। পরদিন অর্থাত্ গতকাল সব প্রত্যাশা ছাড়িয়ে গেল। এদিন এল ছয়টি সোনা!দক্ষিণ এশীয় গেমস ইতিহাসে এমন দিন আর কখনো যায়নি বাংলাদেশের। দেশের বাইরে গেমস হলে এমনিতেই খাবি খেতে হয়, দু-তিনটি সোনা জেতাই হয়ে পড়ে এভারেস্ট অভিযানের চেয়েও কঠিন। ঘরের মাঠে আগের দুবারের আয়োজনও এমন ‘সোনার দিন’ দেখেনি। ১৯৮৫ সালে সাকল্যে অর্জনই ছিল ৯টি সোনা, ১৯৯৩ সালে ১১টি। আর এবার এক দিনেই কিনা ৬টি!কারাতে থেকে এসেছে চার-চারটি সোনা। তায়কোয়ান্দো থেকে একটি। রাতে সর্বশেষ সোনাটি এনেছে ক্রিকেট।গেমসের দশম দিন শেষে বাংলাদেশের সোনা ১৪টি। শ্রীলঙ্কার ১৩, পাকিস্তান ১৭, ভারত ৬৭টি সোনা জিতেছে।মিরপুর ইনডোর স্টেডিয়ামে কারাতেকারা একেকটি সোনা জিতেছেন আর গোটা ইনডোর ফেটে পড়েছে উল্লাসে। কাতা ইভেন্টের ছেলে ও মেয়েদের দলগত দুটি সোনাই বাংলাদেশের। কাতায় মেয়েদের এককে সোনা জিতেছেন বান্দরবানের মেয়ে জ উ প্রু। অন্য সোনাটি এসেছে কুমি ইভেন্ট থেকে, জিতেছেন মরিয়ম খাতুন।তায়কোয়ান্দোতে ৪৯ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন শাম্মী আক্তার। পরশু তায়কোয়ান্দোর প্রথম দিনে এসেছিল একটি সোনা। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল রেখে এখন পর্যন্ত দুটি সোনা দেওয়া তায়কোয়ান্দো আজ আরও সোনা দিতে পারে। তবে কারাতের সাফল্য অপ্রত্যাশিত। এক-দুটি সোনা দেওয়ার প্রতিশ্রুতি ছিল তাদের, সেটিকে যে এভাবে ছাড়িয়ে যাবে, কেউই ভাবতে পারেনি।টি-টোয়েন্টির ফাইনাল ছিল বেশ আকর্ষণীয়। শ্রীলঙ্কা ৬ রানে হেরেছে বাংলাদেশের কাছে। আজ ফুটবলের ফাইনাল। সবার আশা, আফগানিস্তানকে হারিয়ে দুই গেমস পর আবার গেমস ফুটবলের সোনা ফিরে পাবে বাংলাদেশ।অ্যাথলেটিকসে বাংলাদেশের কাছে সোনা হয়ে দাঁড়িয়েছে সোনার হরিণ। মেয়েদের ১০০ মিটার হার্ডলসে সোনার প্রত্যাশা ছিল, কিন্তু ভারতীয় প্রতিযোগীর কাছে ফটো ফিনিশিংয়ে হেরে গেছেন সুমিতা রানী দাস। তাঁর ব্যক্তিগত রুপার সঙ্গে এদিন অ্যাথলেটিকসে এসেছে আরও একটি রুপা। ইভেন্টটি মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার রিলে। মেয়েদের রিলেতে এটাই গেমস ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন।পুরুষ রিলেতে ব্রোঞ্জ জিতে এদিন ইতিহাস গড়ল মালদ্বীপ। ট্র্যাক নেই, সমুদ্রের পারে দৌড়াতে হয়—প্রতিকূলতা পেরিয়ে এবার গেমস অ্যাথলেটিকস থেকে প্রথমবারের মতো পদক তুলে মালদ্বীপও যেন দেখিয়ে গেল, সবাই কম-বেশি এগোচ্ছে। আর বাংলাদেশের অ্যাথলেটিকস শুধুই পিছিয়ে যাচ্ছে।বাংলাদেশের সাঁতারও কি এগোতে পারল? সোনা নেই, কাল প্রাপ্তি বলতে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে মাহফুজা খাতুনের রুপা। এটি তাঁর দ্বিতীয় রুপা। এ ছাড়া এসেছে গোটা তিনেক ব্রোঞ্জ, এটা তো সোনা জিততে না পারার হাহাকার দূর করতে পারছে না।কাল একটা হাহাকার অন্তত দূর করতে পারল মালদ্বীপ ফুটবল দল। সাফ ফুটবলের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হারলেও এবার সেই ভারতকেই টাইব্রেকারে হারিয়েছে মালদ্বীপ (ম্যাচ গোলশূন্য, টাইব্রেকারে ৩-১)।হকির শিরোপাটা নিজেদের কাছেই রেখে দিল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র থাকা ম্যাচ টাইব্রেকারে তারা জিতেছে ৪-৩ গোলে। হকিতে ‘ব্রোঞ্জ জয়ের প্রত্যাশা’ পূরণ করেছে বাংলাদেশ।