এমনটাই তো চাই
চাইলেই মুঠোফোনটা পকেটে ভরে ফেলতে পারত। কিংবা মুঠোফোনের সুইচ বন্ধ করে মিশে যেতে পারত পাঁচ হাজার শিক্ষার্থীর বিশাল জনসমুদ্রে। কেউ আর তাকে খুঁজে পেত না। কিন্তু এসবের কিছুই করেনি অর্পণ দাশগুপ্ত। সে বরং আধ ঘণ্টা ধরে পুরো নন্দন পার্কে তন্ন তন্ন করে খুেঁজছে মুঠোফোনটির প্রকৃত মালিককে। তারপর মালিকের হাতে ফোনটি তুলে দিয়ে তবেই তার স্বস্তির নিঃশ্বাস।ঘটনাটি ১৩ জুলাইয়ের। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী অর্পণ দাশগুপ্তের জরুরি প্রয়োজন পড়ল বাসায় কথা বলার। কিন্তু তার কাছে তো কোনো মুঠোফোন নেই। অর্পণ তাই বন্ধুসভার এক কর্মীর কাছ থেকে মুঠোফোন চেয়ে নিল এক মিনিট কথা বলার জন্য। কথা শেষে সে দেখল বন্ধুসভার সেই কর্মীটি তার পাশে নেই। এখন উপায়? বিপদে পড়ল অর্পণ। অথচ সহজেই এই বিপদ ঝেড়ে ফেলা যেত মুঠোফোনটি পকেটস্থ করে। কিন্তু সেসব না করে অর্পণ কেন মুঠোফোনের মালিককে খুঁজতে গেল? ‘লোভ মানুষের ধ্বংস ডেকে আনে। আমি তাই লোভকে জয় করার চেষ্টা করেছি।’ সোজাসাপ্টা জবাব অর্পণ দাশগুপ্তের।