এমনটি ঘটতেই পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাঙ্গনে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘এমন ঘটতেই পারে।’আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে তিন মন্ত্রণালয়ের এক সমন্বয় বৈঠকের পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের মৃত্যুসহ সারা দেশে কলেজের (সম্মান শ্রেণী) ভর্তির ক্ষেত্রে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে কী ভাবছে সরকার, জানতে চাইলে সাহারা খাতুন বলেন, ‘এসব বিচ্ছিন্ন ঘটনা। এটা কোনো ব্যাপার না। এমনটি ঘটতেই পারে। তবে আমরা কী পদক্ষেপ নিচ্ছি, সেটিই বড় বিষয়।’বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সমন্বয় বৈঠক করে।শিক্ষাঙ্গনে সহিংসতা দমনে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়, সেটাই নেওয়া হচ্ছে। দরপত্রবাজি, চাঁদাবাজি আর ভর্তি বাণিজ্য যা-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে গত সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আহত হন ইসলামের ইতিহাসের তৃতীয় বর্ষের ছাত্র আবু বকর। চিকিত্সাধীন থাকার পর গতকাল তিনি মারা যান।এ ছাড়া ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকা কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন কলেজে চাপ প্রয়োগ করে ভর্তি কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ আছে।