এমনি করেই গড়ে উঠবে
ভয়, আশঙ্কা আর অন্ধকার—এই তিনে মিলে রাতটা কেমন ভয়ংকর।অন্ধকারটা বুঝি আরও ভয়ংকর। সেখানে গা ঢাকা দিয়ে আছে হায়েনার দল, ওত পেতে আছে হিংস্র নখর মেলে। যেকোনো মুহূর্তে অন্ধকারের গা থেকে নেমে আসবে, ঝাঁপিয়ে পড়বে। আর সবকিছু লন্ডভন্ড করে দেবে।এমন রাত কমই আসে মানুষের জীবনে। যে রাত ইতিহাস সৃষ্টি করে, যে রাতের গর্ভ থেকে ইতিহাস জন্ম নেয়, ইতিহাস কথা কয়ে ওঠে, যে রাত্রে কেউ ঘুমিয়ে থাকতে পারে না, যে রাত্রি জীবনকে এনে দাঁড় করিয়ে দেয় মুখোমুখি, যে রাত্রি অতি বড় স্বার্থপরকেও ত্যাগের প্রেরণা দেয়—এ তেমনি এক রাত্রি।পিঁপড়ের সারির মতো এদিক-ওদিক পিলপিল করছে ওরা। ওরা ছাত্রছাত্রী আর কর্মী, ওদের মুখে কথা কম, পিঁপড়ের মতোই নিঃশব্দ পায়ে চলছে ওরা। ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার হতে পারে না, সাহিত্যের ছাত্র হতে পারে না রাজমিস্ত্রি। কেমিস্ট্রির কৃতী ছাত্র কেমন করে আর্কিটেক্ট হয়? বইয়ের পোকা কেমন করে ইনকিলাবের কথা বলে? কিন্তু আজকের রাত্রে সবাই সবকিছু হতে পারে, হয়েছে। আজকের রাত্রি তো অসম্ভবের উন্মোচন। পরিকল্পনাটা প্রথমে কার মাথায় এসেছিল, সে নিয়ে কারও মাথাব্যথা নেই। নকশাটা কেমন, সেটাও ওরা দেখেনি। দেখার কোনো বিশেষ ইচ্ছা বা তাগিদও নেই ওদের। ওরা শুধু জানে, একটা মিনার গড়ে তুলতে হবে এবং এই এক রাতের মধ্যেই, ভোর হওয়ার আগেই। বাতি জ্বলে উঠল। ব্যারাকের কামরায় কামরায় আর উঁচু থামগুলোর মাথায় মাথায়। তখন দেখা গেল ওরা অনেক। দুই শ, পাঁচ শ বা তারও বেশি। ওরা একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছে। এভাবে লম্বা লাইন, পাঁচ শ গজ। হাতে হাতে ইট আসছে। এক হাত থেকে আরেক হাতে চালান হয়ে চার শ কি পাঁচ শ হাত ঘুরে একটা ইট এসে পৌঁছাচ্ছে অকুস্থলে, যেখানে দুহাত পরিমাণ মাটিতে রক্ত জমাট হয়ে আছে। এখানেই শহীদ মিনার গড়ে উঠবে। এমনি করে ইটগুলো আসছে। কোনোটা রাস্তার ওপারে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, কোনোটা মেডিকেল কলেজের ভেতরে, যেখানে নতুন ইমারত তৈরি সেখান থেকে। যেমন হঠাৎ করে আলো জ্বলেছিল, তেমনি হঠাৎ করেই নিভে গেল। কে যেন চেঁচিয়ে উঠল—‘ধুৎ শালা’।বিজলি কোম্পানিটাও যেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিয়েছে, আরেকজন সখেদে বলল।কিন্তু কাজ থামল না। ওদের চোখে এখন যে দৃঢ়তা এবং সংকল্পের জ্যোতি, তা সব অন্ধকারকেই দূর করেছে। মাটি তোলা হয়ে গেছে। এখন সেখানে ইট পড়ছে। ভিত গড়ে উঠছে। এক একটি করে ইটের স্তূপ জমে উঠেছে। আর সেই শব্দটা—কোনি, ছেনি, হাতুড়ি আর সিমেন্ট ঘষার যে শব্দ। সেই শব্দটাও দ্রুততর হচ্ছে। শীতের শেষ হলেও মোটামুটি শীত পড়ছে। কিন্তু ওরা সবাই ঘামছে।একটি মেয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। অমনি চেঁচিয়ে উঠল হয়তো তারই সহপাঠী ছেলেটা, ‘আগেই বলেছি, যার যেটা কাজ, মেয়েমানুষ দিয়ে এসব কাজ হবে না। এখন বুঝলে তো। দয়া করে সরবে কি?’‘সরবে না হাতি!’ একলা নয়, আরও দু-তিনজন মেয়েবন্ধুকে নিয়ে মুখিয়ে উঠল মেয়েটা।‘উইথড্র, উইথড্র’—কোনো একজন মেয়ে রীতিমতো চিল্লিয়ে উঠল।‘তা নয় উইথড্র করলাম, কিন্তু এ নিয়ে তৃতীয় কি চতুর্থবার পতন, আর কতবার পতন হবে শুনি?’‘মোটেই না, মোটেই না—এ নিয়ে মাত্র দুইবার।’ সমস্বরে প্রতিবাদ করল মেয়েরা। বাতি আর জ্বলল না, কিন্তু শেষ রাতের চাঁদটা একটু উঁকি মারল। তাতেই দেখা গেল, মিনার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আরও তাড়াতাড়ি। আরও তাড়াতাড়ি। কাজও বিশেষ নেই, রাতও বিশেষ নেই। কয়েক সহস্র হাত উদ্দাম হয়ে উঠল!তারপর শেষ রাত্রির নিঃশব্দটা ভেঙে টুকরো টুকরো হলো অজস্র কণ্ঠের আনন্দিত স্লোগানে। মিনার তৈরি হয়ে গেছে। শহীদ স্মৃতি অমর হোক।এমনি করে গড়ে উঠবে আদর্শের মিনার। এমনি করেই অজস্র হূদয়ের অর্ঘ্যে, অসংখ্য হাতের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায়, ত্যাগে, মহিমায়, দেশপ্রেমের অগ্নিপরীক্ষায় পরিপুষ্ট হয়ে উঠবে আমাদের ভবিষ্যৎ।১৯৬৪ সালে ছাত্র ইউনিয়ন প্রকাশিত‘পদক্ষেপ’ সংকলন থেকে