এমনো ঘটে!
শিশুটির নাম রিশা। বয়স নয় মাস। চোখেমুখে দুষ্টুমির হাসি। মা রেখা খাতুন তাকে কাছে টেনে নিচ্ছেন। সঙ্গে সঙ্গেই সে আবার মায়ের কাছ থেকে হামাগুড়ি দিয়ে খাটের কিনারে চলে আসছে। আবার তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে উঠছে। আর সে খিলখিল করে হেসে উঠছে। এই মা-মেয়েকে দেখে বোঝার উপায় নেই যে মাত্র চার দিন আগে দোতলার ছাদ থেকে এই মা পা ফসকে নিচে পড়ে গিয়েছিলেন। আর তার বুকে জড়ানো ছিল এই রিশা। অলৌকিকভাবে মা-মেয়ে দুজনেই বেঁচে গেছে। শুধু তা-ই নয়, তাদের তেমন কিছুই হয়নি। রেখার স্বামী রিপন রেজা চৌধুরী গ্রামীণ ব্যাংকের একজন কর্মচারী। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা গ্রামে। রিপন বর্তমানে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া শাখায় কর্মরত। সেই সুবাদে তাঁরা পবার বিন্দারামপুর গ্রামে একটি ভাড়াবাড়িতে থাকেন। এই বাড়িতেই সাত বছর বয়সী ছেলে রাউফ ও নয় মাস বয়সী মেয়ে রিশাকে নিয়ে তাঁরা দেড় বছর ধরে আছেন। ১২ অক্টোবর বুধবার সন্ধ্যার পরপর রিশাকে কোলে নিয়েই মা রেখা খাতুন ছাদে কাপড় আনতে। রেখা খাতুন বলেন, তাঁর পায়ে একটি চটি স্যান্ডেল ছিল। তিনি কাপড় ওঠাতে ওঠাতে ছাদের একবারে প্রান্তে চলে আসেন। ছাদের রেলিংটাও তেমন উঁচু নয়। হঠাৎ রিশা ঘরের পাশ বেয়ে ওঠা একটি গাছের পাতা ধরতে যায়। এ সময় তিনি মেয়ের হাত ছাড়াতে গিয়ে আর নিজেকে সামলাতে পারেননি। এর পরের বিষয়টি সবার কাছে অলৌকিক বলেই মনে হচ্ছে। অত উঁচু থেকে পড়ার পর তাদের আর অক্ষত থাকার কথা নয়। কিন্তু মা ও মেয়ের তেমন কিছুই হয়নি। যেখানে তারা পড়েছিল, তার কয়েক ইঞ্চি দূরেই সেপটিক ট্যাংকের পাকা ঢাকনা ছিল। তার ওপরে পড়লে তাদের শরীরের কোনো অংশই অক্ষত থাকার কথা নয়। আবার পেছনের দিকে ছিল ইটের স্তূপ। রেখা খাতুন বলেন, পড়ার পর রিশা তাঁর কোল থেকে খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়ে। বাচ্চাটি খুব কাঁদছে। তিনি ওঠার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। হাত বাড়িয়ে বাচ্চাকে বুকের ওপরে টেনে নেন। ছেলে রাউফ এ সময় ঘরের ভেতর টেলিভিশন দেখছিল। তিনি রাউফ রাউফ বলে ডাক দেন। ছেলে শুনতে পেল না। তিনি উঠতেও পারছেন না। এ সময় প্রতিবেশীরা তাঁকে পড়ে থাকতে দেখে দৌড়ে আসেন। সবাই তাঁকে টেনে তোলেন। রিপন চৌধুরী বলেন, তিনি পার্শ্ববর্তী বাজারে ছিলেন। বাড়িতে একটু সমস্যা হয়েছে বলে এক প্রতিবেশী ফোন করে তাঁকে ডাকেন। পরে দ্রুত স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন। পরপর তাঁর চারটি এক্স-রে করা হয়। সব দেখেশুনে চিকিৎসক বললেন, তেমন কিছুই হয়নি। একটু ব্যথা পেয়েছেন। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। রিশার মাথার সামান্য একটু অংশ কেটে গিয়েছিল। তার জন্য কিছুই করতে হয়নি। রিপন বলেন, সমস্যা হয়েছিল রিশাকে নিয়ে। সে তার মাকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল। খিদে পেয়ে কাঁদছিল, কিন্তু মায়ের কাছে যাচ্ছিল না। মায়ের কাছে নিয়ে গেলেই ভয়ে কেঁদে উঠেছে। দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়ে এখন মা-মেয়ে দুজনে ভালোই আছে।