এমপিও তালিকা আবার সংশোধন হচ্ছে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদের নেতৃত্বে তৈরি করা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা নিয়েও সরকারদলীয় সাংসদদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ দেখা দিয়েছে। গতকাল রাতে সংসদের অধিবেশনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই অনেক সাংসদ নতুন তালিকা নিয়ে জোরালো আপত্তি করেন।একপর্যায়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ডেকে প্রধানমন্ত্রী পুনরায় তালিকা ঠিক করে আজকের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেন।জানতে চাইলে শিক্ষামন্ত্রী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘কাল (আজ বৃহস্পতিবার) সবকিছু জানতে পারবেন।’ এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।প্রসঙ্গত, প্রথমে শিক্ষা উপদেষ্টার তৈরি নীতিমালার ভিত্তিতে সাংসদদের সুপারিশে মন্ত্রণালয় এক হাজার ৪৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে। পরে এ নিয়ে ক্ষোভ দেখা দিলে তা বাতিল করে উপদেষ্টাকে নতুন তালিকা তৈরি করতে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। উপদেষ্টা দায়িত্ব নিয়ে নিজের তৈরি নীতিমালা বাতিল করতে বলেন। এরপর তিনি নতুন তালিকা তৈরি করেন। গত মঙ্গলবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে তা হস্তান্তরও করেন। মন্ত্রণালয় তা হুবহু প্রকাশ করে। এতে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তির প্রতিষ্ঠান বাদ দেওয়া হলেও বিএনপি-জামায়াতের প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়।