প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। নতুন তালিকায় যুক্ত হয়েছে তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম। আর পুরোনো তালিকা থেকে প্রায় এক শ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বাদ গেছে।সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এক হাজার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য নির্বাচন করে। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রী ওই তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তালিকা পর্যালোচনা করতে উপদেষ্টা আলাউদ্দিনকে দায়িত্ব দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিও-সংক্রান্ত নথিপত্র ১৬ মে উপদেষ্টার কাছে পাঠানো হয়। জানা যায়, আজ সোমবার উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ এমপিওভুক্তির সংশোধিত তালিকা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে হস্তান্তর করতে পারেন। উপদেষ্টা তালিকা চূড়ান্ত করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করেছেন। আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। দু-এক দিনের মধ্যে তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল রোববার সন্ধ্যায় এমপিওভুক্তির তালিকা চূড়ান্ত করা হয়েছে। তিনি সংশোধিত এই তালিকা আজ শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করবেন।এর আগে গত সপ্তাহে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এমপিওভুক্তির বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। প্রধানমন্ত্রী সে সময় দ্রুত তালিকা প্রণয়নের জন্য তাঁদের তাগিদ দেন।