এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নতুন তালিকা হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির নতুন তালিকা আজ সোমবার প্রকাশ করা হয়েছে। আলাউদ্দিন আহমেদ আজ দুপুরে নতুন এই তালিকা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে হস্তান্তর করেন।সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এক হাজার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য নির্বাচন করে। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন মন্ত্রী সেই তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তালিকা পর্যালোচনা করতে উপদেষ্টা আলাউদ্দিনকে দায়িত্ব দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিওসংক্রান্ত নথিপত্র ১৬ মে উপদেষ্টার কাছে পাঠানো হয়।নতুন তালিকায় এক হাজার ৪৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য নির্বাচন করা হয়েছে। পুরোনো তালিকা থেকে ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বাদ দেওয়া হয়েছে।আগের তালিকায় ডিগ্রি কলেজ ছিল ১৮টি। এই তালিকাতেও ১৮টি ডিগ্রি কলেজের নাম আছে। উচ্চমাধ্যমিক কলেজের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৭৮টি করা হয়েছে। স্কুল অ্যান্ড কলেজের সংখ্যা ১৪ থেকে বাড়িয়ে ১৫ করা হয়েছে। আগের তালিকায় মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ২০৪টি। এ সংখ্যা এখন বাড়িয়ে ৩২৫ করা হয়েছে। নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২২৮ থেকে বাড়িয়ে ৫০১ করা হয়েছে। ফাজিল মাদ্রাসার সংখ্যা ছয়টি থেকে বাড়িয়ে আটটি করা হয়েছে। আলিম মাদ্রাসার সংখ্যা ২৭ থেকে ৩০ এবং দাখিল মাদ্রাসার সংখ্যা ১৬৩ থেকে বাড়িয়ে ২৪০ করা হয়েছে।আগের তালিকায় এইচএসসি (বিএম) প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৬১ এবং এই তালিকায় তা কমিয়ে ১৩৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নির্বাচিত করা হয়েছে। এসএসসি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৫১ থেকে কমিয়ে ১২৯ করা হয়েছে।