দীর্ঘ ২৮ বছর পর এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হয়েছে। বাড়িভাড়া মাসে বিদ্যমান ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং চিকিৎসা ভাতা বিদ্যমান ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। এ সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান। তিনি জানান, একই সঙ্গে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। আর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী গ্রন্থাগারিকের পদ এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।শিক্ষামন্ত্রী বলেন, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার সুযোগ পাবেন এমপিওভুক্ত (বেতন বাবদ মাসে সরকার থেকে অর্থ পাওয়া) চার লাখ ৬৯ হাজার ৮৪৪ জন শিক্ষক- কর্মচারী। এর মধ্যে ২৬ হাজার ৪৭টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী চার লাখ ৫৬ হাজার ৫৯০ এবং এক হাজার ৬০০ কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ১৩ হাজার ২৫৪ জন। আর এক হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার ছয় হাজার ৭৬ জন শিক্ষক বর্ধিত ভাতা পাবেন। এর আগে ১৯৮৪ সালে বাড়িভাড়া ১০০ টাকা ও চিকিৎসা ভাতা ৬০ টাকা দেওয়া শুরু হয়। এরপর দুই দফা চিকিৎসা ভাতা বাড়ানো হলেও বাড়িভাড়া বাড়েনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা, শূন্যপদে কর্মরত ইনডেক্সধারীদের এমপিও দেওয়া, টাইমস্কেল, বিএড-কামিল স্কেল, উচ্চতর স্কেল প্রদানসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় ১০ হাজার শিক্ষক-কর্মচারী এসব সুবিধা পাবেন।শিক্ষকদের সব ধরনের সুযোগ-সুবিধার জন্য অতিরিক্ত ২৪৪ কোটি টাকার সংস্থান করা হয়েছে। শিক্ষামন্ত্রী বিষয়টিকে শিক্ষক-কর্মচারীদের চাকরিজীবনের একটি ঐতিহাসিক দিন বলে উল্লেখ করেন। তিনি আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ। কর্মসূচি চালিয়ে যাবেন শিক্ষক-কর্মচারীরা: আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সংগঠনগুলোর নেতারা বলছেন, যেভাবে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন।সরকার-সমর্থক বলে পরিচিত বেসরকারি শিক্ষকদের মোর্চা জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের নেতা আসাদুল হক প্রথম আলোকে বলেন, ‘এই সিদ্ধান্তে শিক্ষক-কর্মচারীদের আশার প্রতিফলন হয়নি। শিক্ষামন্ত্রী যদি আমাদের মতামত অনুযায়ী এ সিদ্ধান্ত নিতেন, তাহলে গ্রহণযোগ্য হতো। তাই আমরা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাব। আজ বুধবারও সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করা হবে। পরবর্তী সময়ে প্রতিনিধি সভা ডেকে কর্মসূচি দেওয়া হবে।’ চাকরি জাতীয়করণের দাবিতে ধর্মঘটরত বিএনপি-জামায়াতপন্থী বলে পরিচিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া বলেন, ‘ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করলাম। চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ তিনি জানান, সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গতকাল তাঁরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছেন। ১৭ দফা দাবিতে লাগাতার ধর্মঘট পালনরত বর্তমান সরকার-সমর্থক আরেকটি সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক শাহজাহান আলম বলেন, ‘আমরা এই সিদ্ধান্তকে সম্মানজনক বলে মনে করি না। তাই ধর্মঘট অব্যাহত থাকবে। তবে পরীক্ষা ধর্মঘটের বাইরে থাকবে।’