স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে ব্যাখ্যা পাওয়ার পর নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।১৯৬১ সালের ‘দি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স’-এর ৩০(১) ধারায় বলা আছে, স্বীকৃত কোনো উচ্চমাধ্যমিক কলেজ ও মাধ্যমিক স্কুলের কর্মচারীরা স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এমনকি কোনো রকম নির্বাচনী প্রচারণায় তাঁরা অংশ নিতে পারবেন না। স্বীকৃত প্রতিষ্ঠানের সংজ্ঞায় এমপিওভুক্ত শিক্ষকেরা পড়েন বলে জানা গেছে।আইনটি এখনো বহাল আছে কি না, তা জানতে চেয়ে ৬ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে কমিশনের চিঠির জবাব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আইনটিতে ‘পাকিস্তান’ শব্দের জায়গায় ‘বাংলাদেশ’ প্রতিস্থাপন ছাড়া আর কোনো সংশোধনী আনা হয়নি। যে কারণে আইনটি বহাল রয়েছে। অর্থাৎ জাতীয় সংসদ ও স্থানীয় সরকার পর্যায়ের কোনো নির্বাচনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নিতে পারবেন না।এর আগে গত জানুয়ারিতে অনুষ্ঠিত পৌরসভা এবং মার্চে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নির্বাচন করার সুযোগ পেয়েছিলেন।এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, ইতিমধ্যে যাঁরা স্থানীয় নির্বাচনে নির্বাচিত হয়েছেন, তাঁদের বিষয়ে করণীয় সম্পর্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।