এমপিওভুক্তির তালিকা হলেও অর্থবরাদ্দ নেই: শিক্ষামন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি করলেও অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া যাচ্ছে না। আজ রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।কে এম খালিদ ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর এ-সম্পর্কিত সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ২০১০-১১ অর্থবছরে এমপিওভুক্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি করে বসে আছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো বরাদ্দ না পাওয়ায় বিষয়টি চূড়ান্ত করা যাচ্ছে না। তিনি বলেন, ‘এমপিওভুক্তি করলেই তো শুধু হবে না। পরের বছর থেকে তাদের নিয়মিত বেতন দিয়ে যেতে হবে। তাই আমাদের ইচ্ছার ওপর নয়, অর্থের ওপরই সব নির্ভর করছে।’শিক্ষামন্ত্রী আরও বলেন, এমপিওভুক্তি বিষয়ে এই সরকারের সদিচ্ছা রয়েছে। কিন্তু জোট সরকারের শেষ কয়েক বছরসহ বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এমপিওভুক্তি বন্ধ থাকায় এরই মধ্যে সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের জট তৈরি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বর্তমানে একটি নির্বাচনী এলাকা থেকে তিনটির বেশি প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা সরকারের পক্ষে সম্ভব নয়।