এমপিওভুক্তির দাবিতে অবরোধ, কর্মবিরতি, মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার বিক্ষোভ-সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ ও কর্মবিরতি পালিত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করলে তাদের হটাতে পুলিশ লাঠিপেটা করে বলে অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারী হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে সমাবেশ করেন। জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় কর্মবিরতি পালন করেছেন ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ ছাড়া খুলনায় এমপিও-বঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কয়েক দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: এমপিওভুক্তির দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এম এ খালেক নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা গতকাল ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন।বিদ্যালয়ের দাতা সদস্য ফায়েকুজ্জামান জানান, সকাল নয়টার দিকে কাশিয়ানীর পোনা এলাকায় শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার নিয়ে মহাসড়কের ওপর বসে অবরোধ করে। খবর পেয়ে সাড়ে নয়টার দিকে কাশিয়ানী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে তাদের হটিয়ে দেয়। পুলিশ বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী নুরুল আলম, সদস্য আইয়ুব মিয়া, ধর্মশিক্ষক আশরাফ আলীসহ ছয়জন ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়।লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন। তিনি জানান, আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে বিকেলে ছেড়ে দেওয়া হয়।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে এমপিওভুক্ত হয়নি এমন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারী গতকাল দুপুর ১২টার দিকে জেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ রেখে সমাবেশ করেন। সমাবেশে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আবু ইউসুফের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক নেতা আবদুল লতিফ, শহিদুল ইসলাম, ফজলুল করিম, আনোয়ার হোসেন, আবদুল জলিল, শেখ শাহেদ আলী, মো. কামরুজ্জামান, মো. মাসুদ রানা প্রমুখ।এ সময় ঢাকা-বগুড়া ও ঢাকা-রাজশাহী মহাসড়কের এই স্থানে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা ও সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।জামালপুর: এমপিওভুক্ত করার দবিতে জেলার মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার ১৩৯টি শিক্ষাপ্রতষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন।এমপিও-বঞ্চিত মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারি মির্জা আবুল কাশেম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার ৩৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়েছে। এ ছাড়া দুই উপজেলার এমপিওভুক্ত আরও প্রায় ১০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি পালন করেছেন।মোশারফ হোসেন আরও জানান, পূর্বঘোষিত কর্মসূূচি অনুযায়ী আজ মঙ্গলবার বেলা ১১টায় জামালপুরে সড়ক ও রেলপথ অবরোধ এবং আগামী বৃহস্পতিবার ঢাকায় হুইপ মির্জা আজমের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।লালমনিরহাট: লালমনিরহাটে হযরত ফাতেমাতুজ্জাহারা (রা.) মহিলা দাখিল মাদ্রাসাকে এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন হয়। প্রায় আধা ঘণ্টা মানববন্ধন শেষে মাদ্রাসা হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার সুপার মো. মুজিবুর রহমান। এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক ছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।খুলনা: যোগ্যতাসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিওভুক্ত করে নতুন তালিকা প্রকাশের দাবিতে খুলনায়য় শিক্ষক-কর্মচারীরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। ১৩ মে বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন, ১৬ মে বেলা ১১টায় নতুন রাস্তা মোড়ে সড়ক অবরোধ এবং ২১ মে সকাল আটটা থেকে শহীদ হাদিস পার্কে আমরণ অনশন কর্মসূচি পালিত হবে। গতকাল সোমবার সকালে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষক নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের খুলনা শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবীসহ সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, খুলনা জেলার সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলীসহ শিক্ষক নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।কালাই (জয়পুরহাট): জয়পুরহাট জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন করে এমপিওভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো জেলার কালাই পৌর সদরের কালাই মহিলা ডিগ্রি কলেজ, ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর দাখিল মাদ্রাসা ও সদর উপজেলার মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল কলেজ। গতকাল সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে এসে শিক্ষক ও কর্মচারীরা এ খবর জানতে পারেন। এরপর তাঁরা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।{প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক খুলনা ও সিরাজগঞ্জ এবং কালাই (জয়পুরহাট), লালমনিরহাট, গোপালগঞ্জ ও জামালপুর প্রতিনিধি}