এমপিওভুক্তির দাবিতে কালও অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্তির (বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি টাকা) দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। আজকের কর্মসূচি শেষে ঐক্যজোটের সভাপতি এশারত আলী নতুন কর্মসূচি ঘোষণা করেন। নতুন সূচি অনুযায়ী কাল মঙ্গলবার সকাল ১০টায় আবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপর ১১টায় মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করা হবে।আজ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কর্মসূচির কারণে প্রেসক্লাবের সামনের রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে ওই এলাকায় তীব্র যানজট ছিল।অবস্থান কর্মসূচির সময় শিক্ষক-কর্মচারী নেতারা বলেন, গত অক্টোবর মাসে একই দাবিতে কর্মসূচি পালনের সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে। তখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, দু-এক দিনের মধ্যে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে দাবি নিয়ে বৈঠক করবেন। কিন্তু এখনো সেই বৈঠক হয়নি। এ জন্য তাঁরা বাধ্য হয়ে আবার কর্মসূচি পালন করছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা চলবে বলে জানান নেতারা।