এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলনরত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধিদল আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে শিক্ষকেরা পাঁচ দফা দাবি উল্লেখ করেছেন। এগুলো হলো—চলতি অর্থবছরে স্বীকৃতি পাওয়া সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, স্বীকৃতির সময়কাল থেকে চাকরির বয়সকাল গণনা, এমপিওর ক্ষেত্রে সাংসদের ডিও লেটার দেওয়ার প্রয়োজন বিলুপ্ত, এমপিও প্রদানে অনিয়ম, ঘুষ ও দুর্নীতি বন্ধ এবং স্বীকৃতি পাওয়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি শেষ না হওয়া পর্যন্ত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন না দেওয়া।এর আগে আন্দোলনকারী শিক্ষকেরা সকাল ১০টায় প্রেসক্লাবের সমানে কাফনের কাপড় পরে অবস্থান নেন ও বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে দুপুর ১২টার দিকে তাঁরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রা করলে পুলিশ তাঁদের ঢাকা ক্লাবের সামনে আটকে দেয়। পরে বিকেল চারটার দিকে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. এশারত আলীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে। এশারত আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিকেল পাঁচটায় আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফের সঙ্গে ধানমন্ডিতে আমাদের বৈঠক আছে। বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’ এমপিওভুক্ত করার দাবিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এই নিয়ে তৃতীয় দিনের মতো লাগাতার কর্মসূচি পালন করে আসছেন।