এমপিওভুক্তির নতুন তালিকা হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির পরিবর্তিত তালিকা হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে এ তালিকা হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ।এই তালিকায় যুক্ত হয়েছে আরও ৪৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম। পুরোনো তালিকা থেকে বাদ গেছে প্রায় ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এক হাজার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য নির্বাচন করে। পরিবর্তিত তালিকায় এক হাজার ৪৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।আগের তালিকায় উচ্চমাধ্যমিক কলেজের সংখ্যা ছিল ৫০। এখন তা বাড়িয়ে ৭৮ করা হয়েছে। স্কুল ও কলেজের সংখ্যা ১৪ থেকে বাড়িয়ে ১৫ করা হয়েছে। আগের তালিকায় মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ২০৪। এ সংখ্যা বাড়িয়ে ৩২৫ করা হয়েছে। নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২২৮ থেকে বাড়িয়ে ৫০১ করা হয়েছে। ফাজিল মাদ্রাসার সংখ্যা ছয় থেকে বাড়িয়ে আটটি করা হয়েছে। আলিম মাদ্রাসার সংখ্যা ২৭ থেকে ৩০ এবং দাখিল মাদ্রাসার সংখ্যা ১৬৩ থেকে বাড়িয়ে ২৪০ করা হয়েছে।আগের তালিকায় এইচএসসি (বিএম) প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৬১ এবং এই তালিকায় তা কমিয়ে ১৩৯টি করা হয়েছে। এসএসসি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৫১ থেকে কমিয়ে ১২৯ করা হয়েছে।তালিকা হস্তান্তরের পর শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, নতুন এ তালিকায় চারটি নির্দিষ্ট শর্ত অনুসরণের পাশাপাশি পিছিয়ে পড়া দুর্গম এলাকা এবং নারীশিক্ষার বিষয়টি বিবেচনা করে সারা দেশের সব জেলার যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। তবে এ তালিকায় কোনো ভুলভ্রান্তি থাকলে তা প্রধানমন্ত্রী পরিমার্জন ও পরিবর্ধন করবেন।বেশির ভাগ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি বাতিলের বিষয়ে উপদেষ্টা বলেন, এসব প্রতিষ্ঠানের বিষয়ে অনেক অভিযোগ আছে। বেশির ভাগ প্রতিষ্ঠানে শিক্ষক নেই। এ ছাড়া সাংসদদের এসব বিষয়ে আপত্তি আছে। পরে সরেজমিনে তদন্ত করে বিষয়টি দেখা হবে। প্রায় ১০০ শিক্ষাপ্রতিষ্ঠান পুরোনো তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, ১০টি শ্রেণীতে যেসব প্রতিষ্ঠান যোগ্য নয়, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে, সেগুলোই বাদ দেওয়া হয়েছে।এর আগে গতকাল দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির তালিকা প্রণয়নের ব্যাপারে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।এমপিওভুক্তির তালিকা প্রকাশের পর তা নিয়ে সমালোচনা হওয়ার পর ১৬ মে শিক্ষামন্ত্রী পুরো দায়িত্ব আলাউদ্দিনের হাতে তুলে দেন। ১৭ মে শিক্ষামন্ত্রী উপদেষ্টাকে সাত দিনের মধ্যে এমপিওভুক্তির বিষয়ে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করে তা মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানান।