এমপিওর জন্য কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্বচ্ছতা ও নিয়ম-নীতির বাইরে কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে না। তাই এমপিওর জন্য কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। অর্থ লেনদেনে কর্মকর্তা-কর্মচারীসহ যে কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, বিগত জোট সরকার ২০০৪ থেকে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার এমপিওভুক্তি বন্ধ রাখায় বর্তমানে বিশাল চাপ সৃষ্টি হয়েছে। এ খাতে জাতীয় বাজেটে বরাদ্দ আছে ১১২ কোটি টাকা। এই টাকায় যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা সম্ভব, তাই করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে তা চূড়ান্ত করা হবে।মন্ত্রী বলেন, এখন থেকে পরবর্তী বছরগুলোতে পর্যায়ক্রমে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিও প্রদান অব্যাহত থাকবে। তিনি এমপিওপ্রত্যাশী প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীসহ সংশ্লি¬ষ্ট সবাইকে টাকা-পয়সা লেন-দেন করে প্রতারিত না হওয়ার জন্য আহ্বান জানান।এ সময় শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান উপস্থিত ছিলেন।