এমবিবিএসে ভর্তির ফরম না পেয়ে বিক্ষোভ
এমবিবিএসের ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি ফরম না পেয়ে ঢাকার শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ফরম নিতে আসা ভর্তিপ্রার্থী ও তাঁদের অভিভাবকেরা বিক্ষোভ করেন। পরে দুপুর দুইটার দিকে পুলিশ ও র্যাবের ধাওয়ায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। জানা যায়, সকাল আটটা থেকে এই ভর্তি ফরম ছাড়া হয়। কিন্তু বেলা ১১টার মধ্যেই সরকারের দেওয়া নির্দিষ্ট সংখ্যক পাঁচ হাজার ফরম শেষ হয়ে যায়। আজ সোমবার থেকে সারা দেশে এমবিবিএসের ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি ফরম ছাড়া শুরু হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক কর্মকর্তা জানান, কলেজের অধ্যক্ষ নিজস্ব লোকজনকে দেওয়ার জন্য নিজের কাছে ৪০-৫০টি ফরম রাখেন। একপর্যায়ে তিনি তাঁর কক্ষ থেকে নিজের ঘনিষ্ঠ কয়েকজনকে ফরম দেন। ফরম নিতে আসা বাইরে অপেক্ষমাণ লোকজন এই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিক্ষোভ করেন। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) এ কে এম মশিউর রহমান জানান, ভর্তিপ্রার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ করলেও পাঁচ হাজারের বেশি ফরম ছাড়ার কোনো ক্ষমতা কলেজ কর্তৃপক্ষের নেই। সরকারের নির্দেশেই তাঁরা পাঁচ হাজার ফরম ছেড়েছেন। ভর্তিপ্রার্থী ও অভিভাবকদের বিষয়টি বোঝানোর চেষ্টা হয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।