সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুঠোফোনের মাধ্যমে কাগজবিহীন ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়টি ‘এমবিলিয়নথ্ সাউথ এশিয়ান অ্যাওয়ার্ড ২০১০’ পুরস্কারে ভূষিত হয়েছে।ভারত সরকারের তথ্যপ্রযুক্তি দপ্তর ও দিল্লিভিত্তিক অলাভজনক সংগঠন ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে ‘এমবিলিয়নথ্ অ্যাওয়ার্ড সাউথ এশিয়া’ প্রবর্তন করেছে।গত মঙ্গলবার রাতে শাবিপ্রবির প্রতিনিধিদল ভারত থেকে দেশে ফেরার পর প্রথম আলোকে তাদের পুরস্কৃত হওয়ার কথা জানিয়েছে।শাবিপ্রবি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আবু আউয়াল মো. শোয়েব, রহুল আমীন ও শহীদুল ইসলাম গত ২৩ জুলাই নয়াদিল্লিতে তথ্যপ্রযুক্তিবিদ ও ‘এমবিলিয়নথ্’-এর চেয়ারম্যান ওসামা মানজারের কাছ থেকে পুরস্কারের সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়টি ‘এম গভর্নেন্স’ ক্যাটাগরিতে এ পুরস্কার লাভ করে। শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও লেখক মুহম্মদ জাফর ইকবাল তাঁর প্রতিক্রিয়া জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পদকপ্রাপ্তিতে আমি খুবই আনন্দিত হয়েছি। এবার অন্য যারা পদক পেয়েছে তারা বড় বড় কোম্পানি। তাই এদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের মতো দেশের একটি বিশ্ববিদ্যালয় পদক পেয়েছে। এটা নিঃসন্দেহে গৌরবের ও আনন্দের।’প্রসঙ্গত, শাহজালাল বিশ্ববিদ্যালয় ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো সফলভাবে মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য বিবেচিত হয়। মুঠোফোনে সম্ভাব্য সর্বাধিক গ্রাহককে সেবা প্রদান করার এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার আটটি দেশ থেকে ২৫০টি এন্ট্রি অংশ নিয়েছিল।