এমভি জাহান মণির জিম্মিদের ফিরে পেতে স্বজনদের আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনার পায়ে পড়ি, আমাদের স্বামী-সন্তানদের ফিরিয়ে আনুন। আমরা জানি না, তাঁরা বেঁচে আছেন, না মরে গেছেন। একটি ঘরে ২৬ জন মানুষ কী করে, কী খেয়ে এত দিন আছে, তা আমরা বুঝতে পারছি না।’ সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি জাহাজ ‘এমভি জাহান মণি’র মালিক মোহাম্মদ শাহজাহানকে কথাগুলো বললেন ওই জাহাজের সর্বকনিষ্ঠ নাবিক শাহরিয়ার রাব্বীর (২০) মা বিলকিস রহমান।ছেলেকে ফিরে পাওয়ার আর্তি জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিলকিস রহমান বলেন, ‘আমি ক্যানসারের রোগী, ছেলের জন্য আমার যেকোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। আমার ছেলেকে ফিরিয়ে আনুন।’ওই জাহাজের জিম্মি নাবিক মহিউদ্দীনের ভাই, তারিকুল ইসলামের স্ত্রী, প্রথম প্রকৌশলীর স্ত্রী, একমাত্র নারী জিম্মি রোখসানা গুলজারের ভাই, রবিউল ইসলামসহ অন্য নাবিকদের স্বজন-ঘনিষ্ঠজনেরও ছিল একই আকুতি। সন্ধ্যায় চট্টগ্রাম নগরের সেন্ট মার্টিন হোটেলের হলরুম ভারী হয়ে ওঠে তাঁদের কান্নায়। এমভি জাহান মণি ও এর নাবিক-কর্মকর্তাদের সর্বশেষ পরিস্থিতি জানাতে জাহাজের মালিক প্রতিষ্ঠান এস আর শিপিংয়ের উদ্যোগে জিম্মিদের পরিবারের সদস্য ও স্বজনদের সেখানে ডাকা হয়। ঢাকা, নোয়াখালী, পাবনাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে তাঁরা সেখানে যান।জিম্মিদের স্বজনদের উদ্দেশে এস আর শিপিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, মহাব্যবস্থাপক মেহেরুল করিম, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে নৌবাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন হাবিবুর রহমান, নাবিক কল্যাণ পরিদপ্তরের পরিচালক মাহফুজুল কাদের প্রমুখ বক্তব্য দেন।জিম্মি নাবিকদের স্বজনেরা অভিযোগ করেন, জাহাজ ছিনতাইয়ের পর ১২ ডিসেম্বর একবার মাত্র তাঁরা তাঁদের সঙ্গে কথা বলতে পেরেছেন। এর পরের অবস্থা কী, তা জানা যাচ্ছে না। এ বিষয়ে জাহাজের মালিক প্রতিষ্ঠানে যোগাযোগ করা হলেও সুস্পষ্ট জবাব পাওয়া যাচ্ছে না। তাঁরা বলেন, ‘আমরা আর কোনো কথা শুনতে চাই না। কখন তাঁরা ফিরবেন, সেটাই জানতে চাই।’নৌপরিবহনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে ইতিমধ্যে দেখা করার প্রসঙ্গ তুলে তাঁরা বলেন, ‘আমরা বুঝতে পেরেছি, জাহাজমালিক শাহজাহান সাহেব ছাড়া কেউ তাঁদের ফিরিয়ে দিতে পারবে না।’ মুক্তিপণের অর্থ দিয়ে দরকষাকষি করে সময় ক্ষেপণ না করে দ্রুত জিম্মিদের ও জাহাজ মুক্ত করে আনার জন্য তাঁরা জাহাজমালিকের কাছে আকুতি জানান।জবাবে মোহাম্মদ শাহজাহান বলেন, ‘মুক্তিপণ ছাড়া জাহাজ কিংবা নাবিকদের মুক্ত করা সম্ভব নয়, সেটা আমরা বুঝেছি। এখন মুক্তিপণের টাকা কখন, কোথায় কীভাবে দিতে হবে, আমরা সেই পথই খুঁজছি। সম্ভব হলে আগামীকালই নাবিকদের ফিরিয়ে আনতে আমরা প্রস্তুত।’জাহাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার বিষয়টি জানিয়ে মেহেরুল করিম বলেন, ‘সর্বশেষ ২৪ ডিসেম্বর জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে এবং পরদিন জলদস্যুদের প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা এখন নিশ্চিত হওয়ার চেষ্টা করছি, যার সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে তিনি আসল ব্যক্তি কি না। গত মঙ্গলবার ছেড়ে দেওয়া জাহাজটি যারা ছিনতাই করেছিল, তারাও একই দলের বলে আমার মনে হয়েছে। তাই এমভি জাহান মণিও মুক্ত করা সহজ হবে বলে আমার মনে হয়।’জলদস্যুদের হাতে আটক অন্য জাহাজগুলোর উদাহরণ দিয়ে মেহেরুল বলেন, ‘সাধারণত চূড়ান্ত আলোচনা হলে দুই-তিন সপ্তাহের মধ্যে তারা (জলদস্যুরা) জাহাজ ছেড়ে দেয়। আমরা আশা করছি, আলোচনা চূড়ান্ত হলে দুই-তিন দিনের মধ্যে নাবিকসহ আমাদের জাহাজটি ফিরিয়ে আনা সম্ভব হবে।’ খাবার ও জ্বালানি প্রসঙ্গে তিনি বলেন, জাহাজটিতে আড়াই মাসের খাবার আছে। তবে এটা ঠিক যে নাবিকেরা স্বাভাবিক অবস্থায় যে পরিমাণ খাবার পেতেন, এখন হয়তো তা পাচ্ছেন না। তবে কেউ না খেয়ে থাকছেন না। জলদস্যুরা নিজেদের স্বার্থেই জাহাজের নাবিকদের বাঁচিয়ে রাখবে। জাহাজের কোনো নাবিকের সঙ্গে জলদস্যুরা এ পর্যন্ত খারাপ আচরণ করেনি।এমভি জাহান মণি আরব সাগরের ভারতীয় উপকূলের কাছে ৫ ডিসেম্বর জলদস্যুর কবলে পড়ে। জলদস্যুরা জাহাজটিকে প্রায় এক হাজার ৪০০ নটিক্যাল মাইল দূরে সোমালিয়া উপকূলে নিয়ে যায়। ১২ ডিসেম্বর প্রথম জলদস্যুরা মুঠোফোনে যোগাযোগ করে ৯০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ কোটি টাকা) মুক্তিপণ দাবি করে।জাহাজটি প্রায় ৪৪ হাজার মেট্রিক টন নিকেলের আকরিক নিয়ে ইন্দোনেশিয়া থেকে গ্রিস যাচ্ছিল। জাহাজে ২৫ জন বাংলাদেশি নাবিক এবং জাহাজের প্রথম প্রকৌশলীর স্ত্রী রয়েছেন।