এমসি কলেজ ও ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ
সিলেট এমসি কলেজ ও প্রতিষ্ঠানটির ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসে আগুন দেওয়ার ঘটনায় আজ সোমবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে এমসি কলেজের অধ্যক্ষ ঈরেন্দ্র চন্দ্র সরকার প্রথম আলো ডটকমকে জানান, ঘটনা তদন্তে উপাধ্যক্ষকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।খেলার মাঠের তর্কাতর্কিকে কেন্দ্র করে গতকাল রোববার সন্ধ্যায় সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হন। একপর্যায়ে এমসি কলেজ ছাত্রাবাসে আগুন ধরিয়ে দিলে তিনটি ব্লকের ৪২টি কক্ষ একেবারে পুড়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় ৭০টি কক্ষ।এদিকে ছাত্রাবাসে আগুন দেওয়ার ঘটনায় এমসি কলেজ পার্শ্ববর্তী সিলেট সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মামুন হোসাইনসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল গভীর রাতে নগরের শাহজালাল উপশহরের একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়।কলেজ কর্তৃপক্ষ এ ঘটনায় আজ দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। তবে সকালে শওকত হাসান নামে ছাত্রলীগের একজন কর্মী সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার।