সিরিয়ার বিরুদ্ধে প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো
এর অর্থ মানুষ হত্যা করতে আসাদকে প্রলুব্ধ করা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে তোলা প্রস্তাবে ভেটো দিয়েছে পরাশক্তি দুই দেশ রাশিয়া ও চীন। এতে পশ্চিমাদের পাশাপাশি সিরিয়ার সরকারবিরোধীরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছে, এই ভেটোর অর্থ মানুষ হত্যা করতে আসাদকে প্রলুব্ধ করা।চীন ও রাশিয়াকে তাদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়েছে বাশার আল-আসাদের বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি)।বিবিসির খবরে বলা হয়েছে, গত শনিবার সিরিয়ার নিরাপত্তা বাহিনী হোমস শহরে ভয়াবহ হামলা চালিয়ে ২৬০ জন বেসামরিক মানুষকে হত্যা করে। গত মার্চ মাসে সিরিয়ায় আসাদবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এক দিনে এত বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা এই প্রথম।সিরিয়ার বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বক্তব্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনী হোমস শহরে মর্টার ও ট্যাঙ্ক নিয়ে বেসামরিক মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। বিরোধীদের একটি সূত্র বলেছে, ওই হামলায় ৬২ জনের মতো মানুষ নিহত হয়। তবে আরেক সূত্রের দাবি, দুই শতাধিক মানুষের লাশ তাঁরা দেখেছেন। এর প্রতিবাদে সেখানে রাতভর বিক্ষোভ চলে।বিরোধী দলগুলো এই হত্যাকাণ্ডের জন্য আসাদ সরকারকে দায়ী করেছে। আর নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ায় তাঁরা ক্ষোভ ঝেড়েছে মস্কো এবং চীনের ওপরও।গত শনিবার নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদের মধ্যে ১৩ সদস্যই সিরিয়ার বিরুদ্ধে তোলা ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে রাশিয়া ও চীন ভেটো দেওয়ায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এতে ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুজান রাইস বলেন, জাতিসংঘের প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়ে রাশিয়া ও চীন তাদের হাত রক্তে রঞ্জিত করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ বলেন, ভেটো দিয়ে দেশ দুটি বড় ধরনের ভুল করল। এর মাধ্যমে দেশ দুটি আরব দেশগুলো থেকে মুখ ফিরিয়ে নিল।