এর আগে দুই দফা বিডিআর বিদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ ফেব্রুয়ারি পিলখানার ঘটনার আগেও দেশে দুবার বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। তবে ওই দুটি বিদ্রোহের ঘটনায় কোনো হত্যাকাণ্ড ঘটেনি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এই আধাসামরিক বাহিনীর গোড়াপত্তন হয়েছিল ১৭৯৫ সালের ২৯ জুন, ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ নামে। তখন সৈনিকসংখ্যা ছিল মাত্র ৪৪৮ জন। পরবর্তী সময়ে ১৮৬১ সালে ‘ফ্রন্টিয়ার গার্ডস’ নামে এই বাহিনী পুনর্গঠিত হয়। এর সদর দপ্তর ছিল চট্টগ্রামে। ১৮৭৯ সালে ‘স্পেশাল রিজার্ভ কোম্পানি’ নামে এই বাহিনী পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করে। এরপর ১৮৯১ সালে ‘বেঙ্গল মিলিটারি পুলিশ’, ১৯২০ সালে ‘ইস্টার্ন ফ্রন্টিয়ার্স রাইফেলস’ এবং ১৯৪৭ সালে ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) নামকরণ করা হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৩ মার্চ এই বাহিনীর সর্বশেষ নামকরণ করা হয় বিডিআর (বাংলাদেশ রাইফেলস)।বিডিআরে প্রথম অসন্তোষ বা বিদ্রোহের ঘটনা ঘটে ১৯৭২ সালে। মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরীর লেখা এক জেনারেলের নীরব সাক্ষ্য বইয়ে পাওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ-পরবর্তী বাংলাদেশে তত্কালীন ইপিআরের সঙ্গে মুক্তিযুদ্ধকালীন অনিয়মিত বাহিনী (কাদেরিয়া বাহিনী, মুজিব বাহিনী ও অন্যান্য মুক্তিযোদ্ধা) নিয়ে একটি জাতীয় মিলিশিয়া বাহিনী গঠনকে কেন্দ্র করে বাহাত্তরে ওই সংঘর্ষ হয়। তত্কালীন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন (পরে ব্রিগেডিয়ার) নুরুজ্জামানকে মিলিশিয়া বাহিনী গঠনের দায়িত্ব দেওয়া হয়। ঘটনার দিন তিনি পিলখানায় সমবেতদের উদ্দেশে বক্তব্য দেওয়া শুরু করলে মিলিশিয়া বাহিনী গঠনের পদ্ধতি ও অন্যান্য বিষয় নিয়ে ইপিআরের সদস্যরা প্রশ্ন তোলেন। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায় এবং নুরুজ্জামান গুরুতর আহত হন। পরিস্থিতি জটিল হলে মেজর জিয়াউদ্দিনের অধীনস্থ সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পিলখানার আশপাশে অবস্থান নেয়। বঙ্গবন্ধু সশরীরে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মিলিশিয়া বাহিনী গঠনের পরিকল্পনা বাতিল করা হয়।এরপর ১৯৯১ সালের ১ ডিসেম্বর দ্বিতীয় দফা বিদ্রোহের ঘটনা ঘটে। ওই দিন ১ রাইফেল ব্যাটালিয়নের প্রথমে প্রচারপত্র ছাড়া হয়। তারপর এটাকে কেন্দ্র করে কিছু সৈনিক লাঠিসোঁটা নিয়ে মারমুখী অবস্থায় কর্মকর্তাদের বাসভবনের দিকে ছুটে যায় এবং একাধিক কর্মকর্তাকে মারধরের চেষ্টা করে। এ সময় তাঁদের কার্যালয়ে ভাঙচুর করা হয়। তখন কর্মকর্তারা পার্শ্ববর্তী নদী পার হয়ে পুলিশ সুপারের বাসায় গিয়ে ওঠেন। রাত সাড়ে নয়টায় পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং সব সৈনিক ব্যারাকে ফিরে যায়।গত বছর পিলখানার ঘটনায় গঠিত তদন্ত আদালতের প্রতিবেদনে ১৯৯১ সালের বিদ্রোহ সম্পর্কে কিছুটা আলোকপাত করা হয়েছে। তাতে বলা হয়, ‘তখন বিভিন্ন ধরনের বৈষম্য যেমন—বেতন, বার্ষিক ছুটি, বিভাগীয় পদোন্নতি প্রভৃতি বিষয়ে দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হলেও বিদ্রোহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের গুরুত্ব অনুযায়ী যথাযথ শাস্তি না দেওয়ায় এ ধরনের বিদ্রোহের পুনরাবৃত্তি করার মতো দুঃসাহস প্রদর্শন করা হয়।’