এর পর...
উৎসবের রংটা বোধহয় সব সময় একই রকম। চিরচেনা আনন্দ আর একটু পরপর অকারণে হেসে লুটোপুটি খাওয়া। প্রতিবছর মিরপুর সুইমিং কমপ্লেক্সে জাতীয় বয়সভিত্তিক সাঁতারের শেষ দিনে এভাবেই উৎসবে মেতে ওঠে একদল কিশোর-কিশোরী।১৭ জুলাই জুয়েল আহমেদ আর নাজমা খাতুনের আনন্দ ছিল দেখার মতো। জুয়েলের মুঠোফোনে বাজছে শাকিরার সামিনা মিনা...ওয়াকা ওয়াকা...গান। আরেক হাতে ধরা ব্যক্তিগত চ্যাম্পিয়ন ট্রফি। এবারের বয়সভিত্তিক সাঁতারে ৭টি রেকর্ডসহ ১০টি সোনা জেতা আনসারের এই কিশোরের চোখে বড় সাঁতারু হওয়ার স্বপ্ন।ডাইভিং পুলের পাশে ব্যক্তিগত সেরার ট্রফি ধরে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত নাজমা। ৯টি সোনা জেতা আনসারের এই কিশোরী নতুন রেকর্ড করেছে ৭টিই। প্রতিবছর একগুচ্ছ সোনা জিতে পদ্ম ফুলের মতো পাপড়ি বানিয়ে নিয়ে যায় অজপাঁড়া থেকে উঠে আসা অখ্যাত ছেলেমেয়েরা। বিকেএসপির রফিকুল ইসলাম, কুষ্টিয়ার শরিফুল ইসলাম, বিটিএমসির রহিমা খাতুন, বিকেএসপির রত্না খাতুন, আলমগীর সুইমিং ক্লাবের সোনিয়া খাতুন, আনসারের লাবনী আকতাররা সবার চোখ কাড়ে। তারপর?বয়সভিত্তিক সাঁতার থেকে পাওয়া এসব ‘সাগর সেচা মুক্তা’ একসময় হারিয়ে যায়। অযত্ন, অবহেলা, সঠিক পরিচর্যার অভাবে আর খোঁজ মেলে না। রফিকুল সাঁতার ছেড়ে সেনাবাহিনীতে চাকরি করছেন, শরিফুল ব্যবসা। বিয়ে করে ঘরকন্না সামলাতেই ব্যস্ত লাবনী, সাঁতারে মন দেবেন কখন? যে উদ্দেশ্যে এই বয়সভিত্তিক সাঁতার, সেটি পরিপূর্ণতা পায় না।১৯৮৩ সালে জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি সোনা জেতা লায়লা নূর বলছিলেন, ‘আমরা পৃষ্ঠপোষকতা পেতাম। এখন সেটির বড় অভাব। সার্ভিসেস দলগুলোর কাছ থেকে টাকা পেতাম আমরা। ওই টাকা দিয়ে লেখাপড়ার খরচের পাশাপাশি হাতখরচও চালিয়েছি।’বয়সভিত্তিক সাঁতার থেকে উঠে আসা ২০০৪ ইসলামাবাদ দক্ষিণ এশীয় গেমসে সোনাজয়ী সাঁতারু রুবেল রানার কণ্ঠে আক্ষেপ, ‘সাঁতারুদের জন্য অন্তত একটা চাকরির ব্যবস্থা করতে হবে। তাহলে এরা হারিয়ে যাবে না। বেশির ভাগ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে এরা। প্রতিযোগিতা শেষে আর সেভাবে অনুশীলন করে না বা করতে পারে না। সঠিক দিকনির্দেশনার অভাব। বিকেএসপি ছাড়া অন্য কোনো দলের সাঁতারু নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারে না এ কারণেই।’২০০৬ দক্ষিণ এশীয় গেমসে সোনাজয়ী সাঁতারু শাজাহান আলী বললেন, ‘শরিফুল আর আমি বন্ধু। আমরা একই সঙ্গে সাঁতার কাটতাম। আমাকে টপকে ১৯৯৮ সালে শরিফুল ৪টি ইভেন্টে নতুন রেকর্ড গড়েছিল। ও এখন সাঁতারে নেই। আমি বিকেএসপিতে ভর্তি হয়েছিলাম বলেই টিকে আছি।’সার্ভিসেস দলগুলোর ভালো করার কারণটা বললেন আনসারের কোচ এমদাদুল হক, ‘আনসারের ছেলেমেয়েরা রেকর্ড গড়ে সোনা জিতলে ১৪ হাজার করে টাকা পায়। শুধু সোনা জিতলে পায় ৬ হাজার করে। এদের মধ্যে তাই ভালো করার তাগিদ সব সময় থাকে।’ কিন্তু প্রশ্ন হচ্ছে, বয়সভিত্তিক সাঁতারে ভালো করার পর বেশির ভাগই ঝরে যায় কেন? সাঁতার কোচ ও সংগঠক আমিরুল ইসলাম এর কারণ দেখালেন, ‘আগে যেসব সার্ভিসেস দল ছিল, সেগুলো এখন নেই। চাকরির সুযোগ কমে গেছে। ছেলেমেয়েদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতারও অভাব এখন। বিকেএসপি বা আনসারের বাইরে কোনো সাঁতারুই তো তৈরি হচ্ছে না এখন।’সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা শোনালেন আশার কথা, ‘আমরা শুধু বয়সভিত্তিক সাঁতার নিয়ে ভাবছি না। প্রতিভা খুঁজে বের করতে কর্মসূচি নেব শিগগির। প্রতিভাবান সাঁতারুদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করব। বয়সভিত্তিক সাঁতারের সেরা ছেলেমেয়েদেরও অনুশীলনে রাখা হবে। যাতে তারা হারিয়ে না যায়।’জুয়েল-নাজমারা হারিয়ে যেতে চায় না। তাই গত বছর ৯টি সোনা জেতা জুয়েল এবার ১০টি সোনা জেতার লক্ষ্য ঠিক করেছিল আগেই। জুয়েল কথা ঠিকই রেখেছে, ফেডারেশন রাখবে কি?