এর পরও রোহিঙ্গা নিয়ে আপত্তি মিয়ানমারের
মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা ও বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে চলমান গোষ্ঠীগত সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গতকাল সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে প্রতিবেদন জমা দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে গতকাল এ কথা জানানো হয়।জাতিসংঘের ১৯৩টি দেশের সাধারণ পরিষদে এ-সংক্রান্ত প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবটি গৃহীত হওয়ার পর মিয়ানমারের তরফ থেকে প্রতিক্রিয়ায় বলা হয়, তারা প্রস্তাবটি গ্রহণ করছে, তবে রোহিঙ্গাদের সংখ্যালঘু হিসেবে আখ্যায়িত করার ব্যাপারে তাদের আপত্তি আছে। গত জুন থেকে জাতিগত সহিংসতায় মিয়ানমারে বেশ অনেকজন নিহত এবং হাজার হাজার মানুষ শরণার্থী হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দাঙ্গার পর বহুজনকে হত্যা, ধর্ষণ ও গ্রেপ্তারের অভিযোগ এনেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। তবে মিয়ানমার সরকার বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। জাতিসংঘের প্রস্তাবে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের অবস্থার ব্যাপারে গভীর উদ্বোগ প্রকাশ করা হয়। একই সঙ্গে তাদের অবস্থার উন্নতি এবং জাতীয়তার অধিকারসহ তাদের সব ধরনের মানবাধিকার সুরক্ষার জন্য উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।মিয়ানমারের পশ্চিম উপকূলীয় রাখাইন রাজ্যে অন্তত আট লাখ মুসলিম রোহিঙ্গার বাস। তবে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনসহ মিয়ানমারের নাগরিকদের দাবি, রোহিঙ্গারা প্রতিবেশী বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী। সে কারণে তারা রোহিঙ্গাদের কোনো অধিকার দিতে বা সহানুভূতি দেখাতে আগ্রহী না।জাতিসংঘে এ প্রস্তাব গৃহীত হওয়ার পর সংস্থাটিতে মিয়ানমার মিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রস্তাবটি গ্রহণ করছে, তবে রোহিঙ্গাদের সংখ্যালঘু হিসেবে আখ্যায়িত করার ব্যাপারে তাদের আপত্তি আছে। মিয়ানমারের একজন প্রতিনিধি বলেন, মিয়ানমারের নৃগোষ্ঠীগুলোর মধ্যে রোহিঙ্গা নৃগোষ্ঠী বলে কিছু নেই। এ বিষয়টি বাদে মিয়ানমারের আইনের সঙ্গে একমত পোষণ করে এমন যেকোনো নাগরিক বা সম্প্রদায়ের নাগরিকত্বের অধিকার কখনো অগ্রাহ্য হয়নি বা হবেও না।