শুরুটা ছিল শান্ত-সৌম্য আর নিরীহদর্শন। তবে গত সপ্তাহে দারুণ রোমাঞ্চকর কিছু মুহূর্ত কেটেছে, যা কিনা টুর্নামেন্টের ছন্দ আর লয়ে আলাদা মাত্রা যোগ করেছে। একটা টাই, দুটি হ্যাটট্রিক, বড় একটা অঘটন দেখেছি, শহীদ আফ্রিদি উপহার দিয়েছে অসাধারণ স্পিন-জাদু—এর চেয়ে বেশি আর কী চাইব!রোমাঞ্চকর সপ্তাহটির সবচেয়ে অসাধারণ ব্যাপার ছিল গোলাপি চুলের কেভিন ও’ব্রায়েনের একা ম্যাচ ঘুরিয়ে দেওয়া ইনিংসটি। আমার মনে হয়, এটা আয়ারল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে আনন্দঘন মুহূর্ত। গত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে সুপার সিক্সে উঠেছিল আইরিশরা, তবে ‘চিরশত্রু’ এবং শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর মজাই আলাদা। এটাকেই আমি বড় বলব। ও’ব্রায়েন উদ্ভাবনী কিছুতে যায়নি বা কোনো কিছুর স্ফুরণও ঘটায়নি, একদম সোজা খেলেছে এবং ৫০ বলে করা সেঞ্চুরিটি সে করেছে ‘পাওয়ার ক্রিকেট’ খেলে। সে এত শক্তির ও আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে, যা আমি আমার সেরা সময়েও পারিনি।আইসিসি যে টেস্ট না-খেলা দলগুলোকে বাদ দিয়ে দশ দলের বিশ্বকাপ করতে চাইছে, আইরিশদের জয়টা এর পাল্টা জবাব। আইসিসি ১৪ দলের বিশ্বকাপ না করে সেটা ১২ দলের করতে পারে। আমার মনে হয় দুটি সহযোগী দেশের অংশগ্রহণ বিশ্বকাপকে আরও জনপ্রিয় করে তুলবে। এই লেখা যখন লিখছি, তখনো ভারত-আয়ারল্যান্ড ম্যাচটি শেষ হয়নি। প্রতিদিন ৫০ বলে সেঞ্চুরি হবে না, এটা মাথায় রেখেই নিশ্চয় অতিথি আয়ারল্যান্ড খেলতে নেমেছিল ভারতের বিপক্ষে। ভারত ম্যাচটি শুরু করেছে একটি দুশ্চিন্তা নিয়ে—ইংল্যান্ডের বিপক্ষে তাদের বোলিংটা একেবারেই ভালো হয়নি। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল, আরেকটা অঘটন ঘটে গেলে খারাপ হয় না! উল্লেখ করার মতো আরেকটি নাম শহীদ আফ্রিদি। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেট নেওয়ার পর কানাডার বিপক্ষে ৫ উইকেট পেয়েছে সে। ব্যাটিং পাকিস্তানকে পেছন পায়ে ঠেলে দিয়েছিল, কিন্তু আফ্রিদির স্পিন লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। আফ্রিদি সব সময়ই প্রথাবিরোধী স্পিনার। স্পিন বলতে সবাই যে রকম টার্নের কথা বোঝে, তাতে আবদ্ধ নয় আফ্রিদি, তার আস্থা গতির বৈচিত্র্যে। উইকেট তুলে নেওয়ার জন্য আফ্রিদির মূল অস্ত্র কুইকার ডেলিভারি। আর এটাই কেনিয়া ও কানাডার অনভিজ্ঞ ব্যাটিংকে ধন্দে ফেলে দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষেও আফ্রিদি ম্যাচ ঘুরিয়ে দিয়েছে এই অস্ত্র দিয়েই। আফ্রিদির বোলিং তার অধিনায়কত্বে আরও বেশি আত্মবিশ্বাস এনে দিয়েছে। পাকিস্তান দলও তার নেতৃত্বে সাড়া দিচ্ছে।দলগুলো পাহাড় সমান রান করছে, চেজও হচ্ছে। এসবের মধ্যে আবার বোলারদের জন্যও উজ্জ্বল কিছু মুহূর্ত আসছে। কেমার রোচের হ্যাটট্রিক দেখে খুব ভালো লেগেছে। আইপিএলে আমার দল ডেকান চার্জার্সে তাকে দেখেছি। সে প্রতিভাবান ও খুব পরিশ্রমী। তাকে ভালো করতে দেখে ভালো তো লাগবেই। আশা করছি, ভবিষ্যতে বড় দলের বিপক্ষেও কিছু ম্যাচ জেতাবে সে।