এরপর রোডমার্চ গ্রাম থেকে ঢাকায় আসবে: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিভিন্ন বিভাগ অভিমুখে কর্মসূচি শেষে এরপর রোডমার্চ হবে গ্রাম থেকে রাজধানী ঢাকা অভিমুখে। উত্তরাঞ্চল অভিমুখে রোডমার্চের শেষ দিনে গতকাল বুধবার দুপুরে নওগাঁয় পথসভায় তিনি এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, ‘জনগণকে সচেতন করতে আমরা ঢাকা থেকে রোডমার্চ করে মফস্বলে যাচ্ছি। আগামীতে মফস্বল থেকে রোডমার্চ করে ঢাকায় যেতে হবে।’ একই সঙ্গে ‘সরকারকে পরিকল্পিতভাবে দেশ ধ্বংস করার পদক্ষেপ’ থেকে বিরত রাখতে ঢাকায় মহাসমাবেশ করার কথাও বলেছেন তিনি। তবে গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জনসভায় খালেদা জিয়া বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি এও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে, নির্বাচন হতে দেওয়া হবে না।চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজ মাঠে জনসভার মধ্যদিয়ে ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের রোডমার্চ কর্মসূচি গতকাল শেষ হয়েছে। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চারদলীয় জোট এই কর্মসূচি পালন করেছে। ১০ অক্টোবর সিলেট অভিমুখে রোডমার্চের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়। এরপর কোরবানির ঈদের পর পর্যায়ক্রমে ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা ও রংপুর অভিমুখে রোডমার্চ করবে চারদলীয় জোট। তার আগে ২৭ অক্টোবর ময়মনসিংহে জনসভা করবে। গতকাল চাঁপাইনবাবগঞ্জের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেন, আজীবন ক্ষমতায় থাকতে এই সরকার সংবিধান সংশোধন করেছে। এরা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়।খালেদা জিয়া মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, কামারুজ্জামান, কাদের মোল্লা ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি দাবি করেন। তিনি বলেন, এঁদের স্বাধীনতাবিরোধী বলে মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে। আওয়ামী লীগই হলো স্বাধীনতাবিরোধী শক্তি। আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কেননা, আওয়ামী লীগ স্বাধীনতার পরও গোপন চুক্তি করেছে।খালেদা জিয়া অভিযোগ করেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে সরকার গৃহবন্দী করে রেখেছে। তাঁকে বের হতে দিচ্ছে না। এর আগে দুপুরে নওগাঁর পথসভায় তিনি বলেন, ‘আমিনী সাহেবকে যদি গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়, তাহলে সরকারকে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’বিএনপির চেয়ারপারসন বলেন, যোগাযোগ-ব্যবস্থার উন্নতির জন্য দেওয়া সব টাকা যোগাযোগমন্ত্রীর পকেটে গেছে। এ জন্য রাস্তার কোনো উন্নতি হয় না। দুর্নীতির কারণে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে গেছে। কেননা, বিশ্বব্যাংক এদের দুর্নীতি ধরে ফেলেছে। তিনি বলেন, ‘যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে। যার ব্যবস্থা নেওয়ার কথা, টাকা তো তার কাছেই যাচ্ছে।’শেয়ারবাজার স্থিতিশীল করতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘অর্থমন্ত্রী বলছেন তিনি শেয়ারবাজার সম্পর্কে জানেন না, তাহলে কেন তিনি ওই পদে বসে আছেন?’খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তাঁর দেশপ্রেম নেই। এ জন্য তিনি বিদেশ সফর করে বেড়ান। যাদের দেশে কেউ নেই, তাদের দেশপ্রেম থাকে না। প্রধানমন্ত্রীর এদেশে কেউ নেই। এমনকি তাঁর পরিবারের সদস্য বিয়েও করছেন বিদেশে।খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনে শরিক হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মানুষ জেগে উঠেছে। যুবসমাজকে জাগতে হবে। রোডমার্চের সফলতায় সরকার ভয় পেয়েছে। এতে প্রমাণ হয়, মানুষ আর এদের ক্ষমতায় দেখতে চায় না। আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। জনসভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া। এতে চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিসের আমির মাওলানা ইসহাক, সমমনা দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া প্রমুখ।নওগাঁয় পথসভা: প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি জানান, এর আগে দুপুরে নওগাঁয় এ-টিম মাঠে পথসভায়ও প্রধান অতিথির ভাষণ দেন খালেদা জিয়া। পথসভা হলেও ব্যাপক জনসমাগমের কারণে তা জনসভায় পরিণত হয়। নওগাঁ জেলা বিএনপির সভাপতি শামসুজ্জোহা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি, জোট ও সমমনা দলগুলোর নেতারাও বক্তব্য দেন। রোডমার্চের দ্বিতীয় দিন: ঢাকা থেকে উত্তরাঞ্চল অভিমুখে রোডমার্চের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয় বগুড়া থেকে গতকাল বেলা ১১টায়। খালেদা জিয়া এর নেতৃত্ব দেন। রোডমার্চকে স্বাগত জানাতে বগুড়া থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ সমবেত হয়। তারা স্লোগান দিয়ে, ফুল ছিটিয়ে গাড়িবহরকে স্বাগত জানায়। স্থানীয় নেতা-কর্মীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি-সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড বহন করেন। এ সময় নারীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে রোডমার্চ বহরকে স্বাগত জানায়।বগুড়া থেকে নওগাঁ পর্যন্ত ৪২ কিলোমিটার সড়কের বেশির ভাগ এলাকাজুড়েই ছিল মানুষের ভিড়। ফলে গাড়িবহরকে চলতে হয়েছে ধীরগতিতে। পথে পথে বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়ার নামে স্লোগান ও বাদ্য বাজিয়ে গোটা এলাকা মুখর করে তোলেন। খালেদা জিয়া হাত নাড়িয়ে শুভেচ্ছার জবাব দেন। উত্তরাঞ্চল অভিমুখে খালেদা জিয়ার নেতৃত্বে এই রোডমার্চ শুরু হয় ১৮ অক্টোবর। প্রথম দিন খালেদা জিয়া গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের তিনটি পথসভায় ও বগুড়ার জনসভায় বক্তব্য দেন। বগুড়ায় রাতযাপন করেন।