এরশাদ এখনো হাসপাতালে
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এখনো হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিত্সকের পরামর্শে আজ বৃহস্পতিবারও তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হবে। কাল শুক্রবার তাঁকে হাসপাতালের কেবিনে দেওয়া হতে পারে। এরপর বাসায় গেলেও পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।অর্শ (পাইলস) রোগের জটিলতায় অবস্থার অবনতির হলে গত শনিবার মধ্যরাতে এরশাদকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার সকাল থেকে এরশাদের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আজ দুপুরে তিনি স্বাভাবিক খাবার খেয়েছেন।জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার দুপুরে হাসপাতাল থেকে বের হয়ে প্রথম আলোকে জানান, দুই-এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে। তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিত্সকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।৮০ বছর বয়সী এরশাদ এক মাস ধরে নানা ধরনের অসুস্থতায় ভুগছেন। ১৫ এপ্রিল তিনি সিঙ্গাপুর থেকে চিকিত্সা শেষে দেশে ফেরেন। এর এক দিন পরই আবার অসুস্থ হয়ে পড়েন। সিঙ্গাপুরে যাওয়ার আগেও তিনি ইউনাইটেড হাসপাতালে ছিলেন।