এরশাদ দেশে গোঁজামিলতন্ত্রের প্রবর্তন করেছেন: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সামরিক গর্ভ থেকে জন্ম নেওয়া এরশাদ দেশে গোঁজামিলতন্ত্রের প্রবর্তন করেছেন। এই গোঁজামিলতন্ত্র হচ্ছে কিছু গণতন্ত্র, কিছু সামরিকতন্ত্র আর কিছু ধর্মতন্ত্রের সম্মিলিত রূপ। এখন দেশে গোঁজামিলতন্ত্রের চর্চা করা হচ্ছে। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘মাওলানা আবুল কালাম আজাদ এবং দক্ষিণ এশিয়ায় অসাম্প্রদায়িকতার সংগ্রাম’ শীর্ষক সেমিনারে হাসানুল হক ইনু এসব কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ভারতের মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ এবং বাংলাদেশের গবেষণা ও উন্নয়ন কালেকটিভের সহযোগিতায় দুই দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়। আজ ছিল এর সমাপনী অধিবেশন। হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রের কথা বলা হলেও দেশে কখনোই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, সাম্প্রদায়িকতার কাঁটা দূর করতে না পারলে মাওলানা আবুল কালাম আজাদ যে ধরনের অসাম্প্রদায়িক চেতনা আজীবন ধারণ করেছেন, সে রকম বাংলাদেশ প্রতিষ্ঠা করা করা সম্ভব নয়।তথ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অনেক পার্থক্য রয়েছে। তাই এখানে ধর্মভিত্তিক রাজনীতি বনাম গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধনতন্ত্রের প্রবর্তনের রাজনীতির চর্চা হয়। তাই এখানকার জনগোষ্ঠী পিছিয়ে পড়েছে। গোঁজামিলতন্ত্রের চক্র ভেদ করে এই গোষ্ঠীগুলো আর সামনে আসতে পারে না। ফলে সব সময় নিরাপত্তার হুমকিতে ভোগে। ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, ‘আবুল কালাম আজাদ শুধু তাঁর সময়ের জন্যই প্রাসঙ্গিক নন, আজও তিনি প্রাসঙ্গিক। দেশে হরতালের অপপ্রয়োগ করে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই সময়ে তাঁর দর্শন আমাদের অনেক বেশি কাজে আসবে।’ সেমিনারে অন্যদের মধ্যে ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী, মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের পরিচালক শ্রীরাধা দত্ত, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শারমিন আখতার প্রমুখ বক্তব্য দেন।