এরশাদ রায়কে স্বাগত জানালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়া জানিয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘উচ্চ আদালতের রায়কে স্বাগত জানাই। এ রায়কে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছি। রায়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই।’১৯৮২ সালের ২৪ মার্চের সময়কালের কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। জোর করে কিছু করিনি। যা করা হয়েছে, ওই সময়ের প্রয়োজনেই করা হয়েছিল।’ সাবেক সেনাশাসক এরশাদ বলেন, ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে, অনেকটা বাধ্য হয়েই সেদিন দেশের দায়িত্ব নিতে হয়েছিল। ক্ষমতায় যাওয়ার পর কয়েকবার নির্বাচন দেওয়ার চেষ্টা করেছিলাম। নানা পরিস্থিতির কারণে দ্রুততম সময়ে তা সম্ভব হয়নি। তবে চেষ্টা অব্যাহত থাকার কারণেই ১৯৮৬ সালে নির্বাচন করা সম্ভব হয়েছিল। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কাল সারা দিনই তিনি তাঁর বারিধারার বাসভবনে কাটান। দুপুরে রায় শোনার পর ছোট ভাই মন্ত্রী জি এম কাদেরসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। তবে গণমাধ্যমকে তিনি রায় সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে চাননি।প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, আদালত তাঁর রায়ে ওই সময় জনস্বার্থে করা বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়েছেন। ফলে এ রায়টি ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। সময়ের কারণে অনেক কিছু করা হয়। পরে হয়তো তার সব ঠিক মনে হয় না। এটা হওয়াও সম্ভব নয়।গতকাল সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা মহানগরের ইফতার অনুষ্ঠানের আগে এইচ এম এরশাদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে আদালতের রায়কে স্বাগত জানান। এ সময় মহানগর জাতীয় পার্টির সভাপতি কাজী ফিরোজ রশীদ, সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম হাবীবসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় এরশাদ বলেন, রায়ের পুরো কপি না দেখে বিস্তারিত মন্তব্য করার সুযোগ নেই। তবে জাতীয় পার্টি আদালতের প্রতি সব সময়ই শ্রদ্ধাশীল। তাই রায় নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই।ক্ষমতা দখলের সময় এরশাদ যা বলেছিলেন: অভ্যুত্থানের কয়েক ঘণ্টার মধ্যেই নিজেকে দেশের প্রধান প্রশাসক ও সরকারের প্রধান ঘোষণা করে রাষ্ট্রীয় বেতারে ভাষণ দেন তত্কালীন সেনাপ্রধান লে. জেনারেল এইচ এম এরশাদ। ভাষণে তিনি বলেন, জনসাধারণকে দুর্নীতির কবল থেকে বাঁচাতে ও শাসক দলের মধ্যে ক্ষমতার লড়াইয়ের অবসান ঘটাতে নির্বাচিত রাষ্ট্রপতি ও তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করা অপরিহার্য হয়ে পড়েছিল। দেশের স্বাধীনতা রক্ষা এবং আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং জাতিকে একটি সংকট থেকে রক্ষা করতেই তিনি ক্ষমতা গ্রহণ করেছেন।এরশাদ বলেছিলেন, ‘আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। আমি একজন সৈনিক। আমার এক ও অদ্বিতীয় লক্ষ্য হচ্ছে জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সংগতি বজায় রেখে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। যত দ্রুত সম্ভব সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি আরও বলেছিলেন, ‘অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা সব ক্ষেত্রেই সংকটের মধ্যে ছিল বাংলাদেশ। এ সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। জনগণ আশা করছিল, সেনাবাহিনী তাদের উদ্ধারে এগিয়ে আসবে।’অভ্যুত্থানের পর সংক্ষিপ্ত বেতার ভাষণে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার বলেছিলেন, সেনাবাহিনীর পদক্ষেপকে তিনি পূর্ণ সমর্থন জানাচ্ছেন। দেশের পরিস্থিতি এমন একটি পর্যায়ে পৌঁছেছিল যে বাংলাদেশের জনগণের স্বার্থেই সেনাশাসন অপরিহার্য হয়ে পড়েছিল।(সূত্র: ২৪ মার্চ, দ্য ইভিনিং ইন্ডিপেন্ডেন্ট ও ২৫ মার্চ, স্টার নিউজ)