জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক বিষয় এবং পরবর্তী নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। তিস্তা চুক্তি, টিপাইমুখ বাঁধ, সীমান্ত হত্যা, ছিটমহল বিনিময় প্রভৃতি বিষয়ও আলোচনায় স্থান পেয়েছে। বিশ্বস্ত একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।এরশাদ ভারত সরকারের আমন্ত্রণে এখন নয়াদিল্লিতে আছেন। ১৩ আগস্ট সেখানে যান তিনি। এরশাদ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন ১৪ আগস্ট। তিনি ভারতের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান শিবশঙ্কর মেননসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন বলে সূত্রগুলো জানায়।এইচ এম এরশাদ কাল শুক্রবার ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করবেন। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে। ১৮ আগস্ট এরশাদ দেশে ফিরতে পারেন।এদিকে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ হঠাৎ কয়েক দিনের সফরে নয়াদিল্লি গেছেন। ভারত সরকার বলছে, বাংলাদেশের সঙ্গে তাদের চলতি কূটনৈতিক বিনিময়েরই অংশ এরশাদের এই সফর। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, নয়াদিল্লি এরশাদকে যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব দিচ্ছে।এরশাদের সফর নিয়ে আনন্দবাজার গত মঙ্গল ও বুধবার দুটি প্রতিবেদন ছেপেছে। পত্রিকাটি লিখেছে, শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘদিন পরে যথেষ্ট ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে মনে করছে মনমোহন সরকার। এই সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের গতিমুখ কোনো কারণে ব্যাহত হোক, সেটা চাইছেন না প্রধানমন্ত্রী মনমোহন সিং। সে কারণেই এরশাদের সঙ্গে বৈঠককে গুরুত্ব দিয়ে দেখছে ভারত। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন পর্যন্ত যাতে স্থিতিশীল থাকে, সে ব্যাপারে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে এরশাদকে অনুরোধ করা হচ্ছে। তাঁর দল ছোট হলেও এরশাদের ভোটব্যাংক হাসিনার সঙ্গে থাকলে সেটা ভারতের জন্য অপেক্ষাকৃত সুবিধাজনক। এ ছাড়া বিএনপি ও জামায়াত জোটকে কূটনৈতিকভাবে কিছুটা প্রশমিত রাখতে এরশাদের মতো নেতার সঙ্গে সহযোগিতার পথে হাঁটা জরুরি।পত্রিকাটি আরও লিখেছে, এরশাদ মহাজোট সরকারের অংশ হলেও যত দিন যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংঘাত বাড়ছে। সম্প্রতি রংপুরে একটি অনুষ্ঠানে তিনি ‘মাইনাস টু’ সূত্র ঘোষণা করেছেন। বলেছেন, দুই নেত্রী বাংলাদেশকে অনেকটা পিছিয়ে দিয়েছেন। ফলে দেশকে এগিয়ে নিতে হলে এঁদের দুজনকে বাদ দিয়েই চলতে হবে।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, নিরাপত্তা ও কৌশলগত ক্ষেত্রে দীর্ঘদিন পর ঢাকার পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে। ভারতবিরোধী জঙ্গিদের মোকাবিলার প্রশ্নে এই সহযোগিতা দিল্লির কাছে অত্যন্ত জরুরি। হাসিনার সঙ্গে এরশাদের সাম্প্রতিক মতবিরোধের কথা নয়াদিল্লির অজানা নয়। তাই বাংলাদেশে স্থিতির স্বার্থে এরশাদের সঙ্গে কথা বলে তাঁর ক্ষোভ প্রশমিত রাখাটাও নয়াদিল্লির পক্ষে মঙ্গলজনক হবে।