এরশাদের অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত শনিবার রাতে বারিধারার বাসভবনে তিনি অসুস্থ হয়ে পড়লে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।৮০ বছর বয়সী এরশাদ এক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। গত সপ্তাহে তিনি সিঙ্গাপুর থেকে চিকিত্সা শেষে দেশে ফেরেন। এর এক দিন পরেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। গত দুই দিনে তাঁকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। পাইলসজনিত জটিলতায় তাঁর শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে। তাঁর পা ফুলে গেছে এবং দুই দিন ধরে তিনি হাঁটতে পারছেন না।আজ সকাল থেকেই তাঁকে দেখতে জাতীয় পার্টির উদ্বিগ্ন নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় জমান। এরশাদের অনুজ বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এবং দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান।রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘স্যারের শারীরিক অবস্থা ভালো নয়। চিকিত্সকেরা তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।’ তিনি এরশাদের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’ নামের বাসভবনে এরশাদ একাকী জীবন যাপন করেন। বিদিশাকে বিয়ে করার পর তিনি গুলশানের বাড়ি ছেড়ে এই বাসায় ওঠেন। বিদিশার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তিনি ওই বাসায় অনেকটা নিসঃঙ্গ জীবন যাপন করেন। তাঁর স্ত্রী রওশন এরশাদও একাকী থাকেন গুলশানের বাসভবনে।