এরশাদের উপস্থিতিতে দলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গত মঙ্গলবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের উপস্থিতিতে দলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বুধবার দলের জেলা কমিটির নির্ধারিত সভা বাতিল করা হয়েছে। নেতৃত্বের কোন্দল নিয়ে ওই পাল্টাপাল্টি ধাওয়া হয় বলে জানা গেছে।পুলিশ ও দলের একাধিক সূত্র জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাংসদ এইচ এম এরশাদ দুই দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় রংপুরে যান। তিনি শহরের দর্শনা মোড়ে নিজ বাড়ি পল্লীনিবাসে ওঠেন। রাত আটটার দিকে তাঁর বাড়িতেই বিবদমান দুটি পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। জাতীয় রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম পণ্ডিত অভিযোগ করেন, চেয়ারম্যান এরশাদের সঙ্গে সাক্ষাত্ করে দলের কিছু সমস্যার কথা বলতে গেলেই একটি পক্ষ বাধা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সভা বাতিল করার সত্যতা নিশ্চিত করে দলের জেলা সভাপতি মশিউর রহমান জানান, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা সত্য। কিন্তু তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।এ ব্যাপারে দলের জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, দুটি পক্ষের গন্ডগোল হয়েছে। তবে পক্ষ দুটির নেতৃত্বের বিষয়ে তিনি মন্তব্য করেননি।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, গন্ডগোলের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। গতকাল বিকেল তিনটায় জেলা জাতীয় পার্টির নির্ধারিত সভা ছিল শহরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে। এ বিষয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ে দলের নেতা-কর্মীরা উপস্থিত হলেও সভা না হওয়ার খবরে তাঁরা ফিরে যান। এদিকে বিকেল সাড়ে চারটায় শহরের হনুমানতলায় পৌরসভারের উদ্যোগে হকার্স মার্কেটের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এইচ এম এরশাদ। তিনি সেখানে গেলেও ভিত্তিপ্রস্তর উদ্বোধন না করে ফিরে আসেন।