জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘এরশাদের কাঁধে ভর দিয়ে আগামীতে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করেই জনগণের রায় নিয়ে ক্ষমতায় যেতে চায়।’এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনের জন্য আমার সারা দেশে ৩০০ প্রার্থীর প্রয়োজন। কিন্তু ইতিমধ্যে আমার ২০০ প্রার্থী জোগাড় হয়েছে। নির্বাচনের আগে আমাকে আরও ১০০ প্রার্থী জোগাড় করতে হবে। সে জন্য দেশবাসীর সহযোগিতা চাই।’ তিনি একপর্যায়ে ছন্দ মিলিয়ে বলেন, ‘আগামীতে জোট করে বর্জন, জাতীয় পার্টি এককভাবে করবে নির্বাচন।’আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় এরশাদ এসব কথা বলেন। নবীনগর উপজেলা জাতীয় পার্টি এ জনসভার আয়োজন করে।এরশাদ আরও বলেন, ‘দেশে নয় বছর আমি জনগণের শাসন কায়েম করেছিলাম। অথচ এখন দেশে আমলাদের শাসন চলছে। উপজেলা চেয়ারম্যানরা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার তিন বছর পরও উপজেলায় চেয়ারম্যানদের বদলে এখনো আমলাদের তথা ইউএনওদের শাসন চলছে। ইনশাআল্লাহ জাতীয় পার্টি ক্ষমতায় এলে উপজেলায় আবারও জনগণের শাসন কায়েম করা হবে।’গত ২১ বছরের (১৯৯০-২০১১) শাসনামলের কঠোর সমালোচনা করে এরশাদ বলেন, গত ২১ বছর গণতন্ত্রের নামে দুটি দল দলীয়করণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, খুন, ধর্ষণ আর সন্ত্রাস ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এসব অপকর্ম বন্ধ করা হবে।এরশাদ তাঁর বক্তব্যের শেষের দিকে চ্যালেঞ্জ দিয়ে আরও বলেন, ‘আমাকে বলা হয় দুর্নীতিবাজ। কিন্তু বিদেশের কোনো ব্যাংকে আমার একটি টাকাও যদি কেউ খুঁজে পান, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। দুর্নীতি করে কার ছেলেরা বিদেশের ব্যাংকে কত টাকা জমা রেখেছেন, আজ পত্রপত্রিকার মাধ্যমে মানুষ এর সবই জানতে পারছে।’