রংপুর সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে এসেছে জাতীয় পার্টি। এরশাদের নির্দেশে মসিউর রহমান রাঙ্গা মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন। অন্য দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকায় সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, এর আগে সভাপতিমণ্ডলীর সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মসিউর রহমানকে দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়। তিনি মেয়র পদে মনোনয়ন জমা দেন। কিন্তু দলের তিনজন প্রার্থী থাকায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এই তিন প্রার্থীকে নিয়ে গত মঙ্গলবার ঢাকার বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান বৈঠক করলেও কোনো সমঝোতা হয়নি। এ কারণে জাপার সমর্থনপুষ্ট প্রার্থী মসিউর রহমানকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলা হয়। তিনি গতকাল বেলা তিনটায় মনোনয়নপত্র প্রত্যাহারও করে নেন।রংপুর নগরের সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয়ে গতকাল বেলা দেড়টার দিকে দলীয় কয়েক শ নেতা-কর্মীর উপস্থিতিতে মসিউর রহমান বলেন, ‘চেয়ারম্যানের নির্দেশে আমি মনোনয়নপত্র জমা দিই। আবার তাঁরই নির্দেশে মনোনয়পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অপর দুই বিদ্রোহী প্রার্থীকে জাপা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন সদ্য পদত্যাগ করা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা এবং পৌরসভার সাবেক মেয়র ও জাপা পৌর কমিটির সাবেক সভাপতি এ কে এম আবদুর রউফ মানিক।মনোনয়নবঞ্চিত মোস্তাফিজার রহমান এবং এ কে এম আবদুর রউফের নেতৃত্বে ১১ নভেম্বর রংপুর টাউন হলে জাতীয় পার্টির এক কর্মী সমাবেশ হয়। এ সময় এক হাজারের বেশি নেতা-কর্মী দল থেকে পদত্যাগ করে তৃণমূল জাতীয় পার্টি গঠনের ঘোষণা দেন। পরে এ কে এম আবদুর রউফকে আহ্বায়ক এবং জেলা যুব সংহতির সভাপতি এস এম ইয়াসীরকে সদস্যসচিব করে মহানগর তৃণমূল জাতীয় পার্টি গঠন করা হয়। নতুন দলের দুটি পদ ছাড়া অন্য কোনো পদ সৃষ্টি করা হয়নি।মোস্তাফিজার রহমান বলেন, এটি দলীয় নির্বাচন নয়। ভোট করব বলে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগও করেছি। দল থেকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি জানানো হয়নি। তবে টেলিভিশনে দেখেছি। এ কে এম আবদুর রউফও একই মন্তব্য করেন।সিটি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল ২৯ নভেম্বর। রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ১৩ জন প্রার্থীর মধ্যে মসিউর রহমান মনোনয়ন প্রত্যাহার করায় মেয়র পদে প্রার্থী থাকলেন ১২ জন। তাঁরা হলেন: মহানগর আওয়ামীর লীগের সভাপতি সাফিউর রহমান, মহানগর আওয়া লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ সরফুদ্দীন আহমেদ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির চৌধুরী, বিএনপির কাওসার জামান বাবলা, ওয়ার্কার্স পার্টির কাজী মাজিরুল ইসলাম লিটন, বাসদের আবদুল কুদ্দুস, মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের মো. ফারুক আজিজ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা, স্বতন্ত্র আলী হায়দার সরকার ও মেহেদী হাসান।