সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ‘ধষ্টতাপূর্ণ’ বক্তব্যের নিন্দা জানিয়েছেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের ১৭ জন সাবেক ছাত্রনেতা। অবৈধভাবে ক্ষমতা দখল, খুন-দুর্নীতির দায়ে সাবেক সামরিক শাসক এরশাদের বিচারের দাবি করেছেন তাঁরা।আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা এ দাবি করেন। সম্প্রতি দলীয় এক বৈঠকে এরশাদ বলেছিলেন, ক্ষমতায় গেলে তিনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের বিচার করবেন। এর পরিপ্রেক্ষিতে সাবেক ছাত্রনেতারা এ বিবৃতি দেন।বিবৃতিতে বলা হয়, ১৯৯০ সালে সাহাবুদ্দীন আহমদ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির অনুরোধ ও জাতীয় মতৈক্যের ভিত্তিতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। স্বৈরাচারের সৃষ্ট রাজনৈতিক শূন্যতা ও সংকট থেকে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণে তিনি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। একাদশ সংশোধনী ছিল এরই জাতীয় স্বীকৃতি। বিবৃতিতে বলা হয়, সংঘাতপূর্ণ রাজনীতির সুযোগ কাজে লাগিয়ে এরশাদ আবার ক্ষমতায় যেতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছেন। এরশাদের অপতত্পরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান এই সাবেক ছাত্রনেতারা। বিবৃতিদাতারা হলেন: মোশতাক হোসেন, মুনীর উদ্দিন আহমেদ, আবুল হাসিব খান, খন্দকার মো. ফারুক, আনোয়ারুল হক, শিরিন আকতার, নুর আহমেদ, শফি আহমেদ, রুহিন হোসেন, রাগীব আহসান, বজলুর রশীদ ফিরোজ, মোশরেফা মিশু, বেলাল চৌধুরী, সাজ্জাদ জহির, রাজেকুজ্জামান, আবদুল্লাহ হিল কাইয়ুম, ওবায়দুর রহমান, আসলাম খান প্রমুখ। বিজ্ঞপ্তি।