এরশাদের বিরুদ্ধে বিদিশার ৬০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা
সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এই মামলা দায়ের করেন।বিচারক ইমরুল কায়েস আগামী ২০ এপ্রিল এরশাদকে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।মামলায় বলা হয়, এরশাদের স্ত্রী থাকা অবস্থায় তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। তিনি পেশায় একজন ডিজাইনার ছিলেন। ২০০৫ সালে তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে তাঁকে কারাগারে পাঠানো হয়, যা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। তাঁকে পুলিশের রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ কারণে বাদিনী পেশাগত, ব্যবসায়িক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। মামলায় তিনি শারীরিক ও মানসিক ক্ষতির পরিমাণ ১০ কোটি, পেশাগত ও ব্যবসায়িক ক্ষতির পরিমাণ ২২ কোটি, সুনামহানির ক্ষতির পরিমাণ ২৮ কোটিসহ মোট ৬০ কোটি টাকা দাবি করেন।