এরশাদের মতে তত্ত্বাবধায়কব্যবস্থা রাজনৈতিক সংস্কৃতিতে কলঙ্ক
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, তাঁর দল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে রাজনৈতিক সংস্কৃতিতে কলঙ্ক বলে মনে করে। তাঁরা এ পদ্ধতি মুছে দিতে চান। তবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির অধীনে না হলে আগামী নির্বাচন না-ও হতে পারে বলে তিনি মন্তব্য করেন।আজ বুধবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রণয়ন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে দেওয়া রায় প্রসঙ্গে এরশাদ বলেন, আদালতের রায়কে শ্রদ্ধা জানাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বেআইনি ও অসাংবিধানিক ব্যবস্থা। তবে বাস্তবতার কারণে আরও কিছুদিন এ ব্যবস্থা বহাল রাখতে হতে পারে। আওয়ামী লীগ ও বিএনপি এসব বিষয়ে কখনো একমত হবে না। তিনি আরও বলেন, সাবেক প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা না করা ছাড়া আপাতত কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ ও বিএনপি ঐকমত্যের ভিত্তিতে একজনকে প্রধান উপদেষ্টা মেনে নেবেন, এমনটা অসম্ভব চিন্তা।সংবাদ সম্মেলনের শুরুতে এরশাদ নির্বাচন পদ্ধতি সংস্কারের একটি প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবনায় বলা হয়, নির্বাচন হবে দলীয় ভিত্তিতে। ভোটাররা প্রার্থীকে নয়, দলকে ভোট দেবে। ভোটারদের দেওয়া ভোটের সংখ্যার অনুপাতে দলের সাংসদের সংখ্যা নির্ধারণ হবে। প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনে আগে থেকেই জমা দিতে হবে। প্রার্থীদের তালিকায় কোটা থাকবে। সাধারণ কোটা ৫০ শতাংশ, মহিলা কোটা ৩০ শতাংশ, সংখ্যালঘু কোটা ১০ শতাংশ ও পেশাজীবীদের জন্য ১০ ভাগ কোটা থাকবে। এরশাদ বলেন, সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কাছে জাতীয় পার্টি এমন প্রস্তাব দিয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশে সত্ মানুষের শাসন চালু করা সম্ভব হবে। বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ড, ফিনল্যান্ড ও নরওয়েতে এ পদ্ধতিতে সাংসদ নির্বাচন হয় বলে এরশাদ উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।