সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাডার কেনা বিষয়ে একটি দুর্নীতি মামলাসহ মোট ৭৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটি। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য গঠিত কমিটির বৈঠকে এ প্রত্যাহারের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে মোট ৮৬৩টি মামলা উপস্থাপন করা হয়। এর মধ্যে ২৯টি মামলা প্রত্যাহার করা হয়নি। ৭৫৯টি মামলা পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। কামরুল ইসলাম আরও জানান, চুলচেরা বিশ্লেষণ করে মামলাগুলো খতিয়ে দেখায় আজকের বৈঠকে এত কমসংখ্যক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বৈঠকে বিশেষ অনুরোধে দুদকের একটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, যা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নামে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের মামলাটি কীভাবে রাজনৈতিক মামলা হয়, সাংবাদিকেরা জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী বলেন, মামলাটি বিশ্লেষণ করে দেখা গেছে এ ঘটনায় তিনি কোনো দুর্নীতির আশ্রয় নেননি। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছিল। প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত ১০ হাজার মামলা এসেছে। এর মধ্যে ছয হাজার ৮৫৩টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে নিজেদের ভুলের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী।ভুল ধরিয়ে দেওয়ার জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘ভুল মানুষ মাত্রেরই হয়। আমরা স্বীকার করি সিদ্ধান্তে সময় অনেক ভুল হয়ে থাকে। কেউ কেউ আবার এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করায় ক্ষুব্ধও হন। ২০-৫০টি মামলা ভুল হলে এ নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি। কাজ করতে গিয়ে ভুল হবে, বিতর্ক হবে। তবে কেউ যদি আমাদের ভুল ধরিয়ে দেয় আমরা পুনরায় তা পর্যালোচনা করব। বিএনপির সময় ৭৪ হাজার সন্ত্রাসী মামলা রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যাহার করা হয়েছিল। সে তুলনায় আমাদের মামলা কিছুই না।’