এরশাদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টির লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া ও ক্ষমতায় যাওয়া। আজ রোববার বিকেলে বনানীর রাজউক মাঠে দলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।মহাজোট সরকারের তিন বছরের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেন এরশাদ। তবে মহাজোটের অংশীদার এরশাদ তাঁর বক্তব্যে স্পষ্ট করে সরকারের তিন বছরের শাসনের কোনো মূল্যায়ন করেননি। তিনি বলেন, জাতি প্রতিদিন গুপ্তহত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই দেখতে চায় না। জাতি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চায়। তিনি ১৭ জানুয়ারি তিস্তা নদী অভিমুখে দলের লংমার্চ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান।এরশাদ বলেন, নির্বাচন ছাড়া একটি দলকে বাঁচিয়ে রাখা যায় না। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেবে। সে জন্য তিনি শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান। তিনি আরও বলেন, ‘ছয় বছর আমি বিনা বিচারে বন্দী ছিলাম। আমার সঙ্গে আমার পার্টিও বন্দী ছিল।’ সবশেষে তিনি রবীন্দ্রনাথের কবিতার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘মরার আগে দুবার করে মরব না।’বাণিজ্যমন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের বলেন, এরশাদকে একনায়ক বলে অভিযুক্ত করা হয়। কিন্তু দেশ কি একনায়ক থেকে উদ্ধার পেয়েছে? দেশ ও গণতন্ত্র এখন রাজতন্ত্রের দিকে চলে যাচ্ছে।সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ এরশাদকে মহাজোট সরকার থেকে বের হয়ে আসার অনুরোধ জানিয়ে বলেন, এখন মহাজোটের অস্তিত্ব নেই। কাগুজে এ সংগঠনে এখন ভাঙনের সুর বাজছে। তাই জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে এককভাবে অংশ নিয়ে ক্ষমতায় যেতে হবে।আলোচনায় আরও অংশ নেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাংসদ সালমা ইসলাম, নূর-ই হাসনা চৌধুরী প্রমুখ।