এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গত শনিবার মধ্যরাত থেকে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। অর্শ (পাইলস) রোগের জটিলতায় অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে আজ বুধবার সকাল থেকে তাঁর অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।অবস্থার কিছুটা উন্নতি হলেও এরশাদকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। এরপর বাসায় গেলেও তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে জানা গেছে।জাতীয় পার্টির মহাসচিব রহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেছেন, ‘স্যারের (এরশাদ) অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিত্সকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। দু-এক দিন পর তাঁকে বাসায় নেওয়া হবে। ডাক্তারদের পরামর্শ অনুসারে প্রয়োজনে চিকিত্সার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।’হাসপাতাল সূত্র বলেছে, গত দুদিনে এরশাদকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তার শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। পা ফুলে গেছে এবং দুদিন ধরে তিনি হাঁটতে পারছেন না। ৮০ বছর বয়সী এরশাদ গত এক মাস ধরেই নানা ধরনের অসুস্থতায় ভুগছেন। গত ১৫ এপ্রিল তিনি সিঙ্গাপুর থেকে চিকিত্সা শেষে দেশে ফেরেন। এর এক দিন পরই আবার অসুস্থ হয়ে পড়েন। সিঙ্গাপুরে যাওয়ার আগেও তিনি ইউনাইটেড হাসপাতালে ছিলেন।গত শনিবার রাতে বারিধারার বাসভবনে অসুস্থ হয়ে পড়লে এরশাদকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।অসুস্থতার খবর পেয়ে আজ সকাল থেকেই এরশাদকে দেখতে জাতীয় পার্টির উদ্বিগ্ন নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় জমান। এরশাদের ছোট ভাই বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের ও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান।জি এম কাদের বিকেলে প্রথম আলোকে বলেন, অবস্থার উন্নতি না হলে এরশাদকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি দুর্বল হয়ে পড়েছেন বলে চিকিত্সকদের উদ্ধৃত করে জানান জি এম কাদের।