এরশাদের সমর্থনবঞ্চিতদের গণপদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এরশাদের সমর্থনবঞ্চিত জাতীয় পার্টির (জাপা) একটি অংশের নেতা-কর্মীরা গণপদত্যাগ করে ‘তৃণমূল জাতীয় পার্টি’ নামে নতুন একটি দল গঠনের ঘোষণা দিয়েছেন।মেয়র পদে জাতীয় পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমান ওরফে রাঙ্গাকে এরশাদ সমর্থন দেওয়ায় জাপার অপর দুজন সমর্থন-প্রত্যাশীর পক্ষে রংপুর টাউন হলে এক সমাবেশে গতকাল রোববার নতুন এই দল গঠনের ঘোষণা দেওয়া হয়।রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে তফসিল ঘোষণার আগেই আগাম প্রচারাভিযানে নেমেছেন জেলা জাতীয় পার্টির তিন শীর্ষস্থানীয় নেতা। তাঁরা হলেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমান, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান এবং পৌর কমিটির সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ ওরফে মানিক। এই তিন প্রার্থীর মধ্যে এরশাদের মনোনয়নবঞ্চিত দুই প্রার্থীর সমর্থনে গতকাল দুপুর ১২টায় রংপুর টাউন হলে ওই সমাবেশ হয়। এতে ৩৩টি ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতি জেলা কমিটির সভাপতি এস এম ইয়াসির। সমাবেশে বলা হয়, দলের চেয়ারম্যান এরশাদের পক্ষ থেকে মশিউরকে দেওয়া সমর্থন প্রত্যাহার না করায় সমাবেশের মাধ্যমে গণপদত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে। সমাবেশে এক হাজারের বেশি নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এ কে এম আবদুর রউফকে আহ্বায়ক এবং এস এম ইয়াসিরকে সদস্যসচিব করে ১০১ সদস্যের মহানগর তৃণমূল জাতীয় পার্টি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। সমাবেশে একটি ঘোষণাপত্র পাঠ করে তা বিলি করা হয়। সেখানে নামসহ স্বাক্ষর রয়েছে এ কে এম আবদুর রউফ, মোস্তাফিজার রহমান এবং এস এম ইয়াসিরের। সমাবেশ থেকে দাবি জানানো হয়, সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ২২টির নেতা-কর্মীরা তাঁদের পক্ষে রয়েছেন।মোস্তাফিজার রহমান বলেন, ‘চেয়ারম্যান স্যার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কাউকে সমর্থন দেবেন না। কিন্তু তফসিল ঘোষণার পরপরই তিনি (এরশাদ) রাঙ্গাকে প্রার্থী ঘোষণা করায় আমরা দুজন প্রার্থী একসঙ্গে দলের চেয়ারম্যানের কাছে সমর্থন প্রত্যাহারের জন্য সময় বেঁধে দিই। সময়সীমা পেরিয়ে গেলেও আমাদের নিয়ে কোনো কিছু ভাবা হলো না। তাই জনগণকে জানান দিতে এই সমাবেশ করা।’এ কে এম আবদুর রউফ বলেন, ‘রাঙ্গার ওপর থেকে এরশাদের সমর্থন প্রত্যাহার না করায় বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদস্বরূপ মহানগর তৃণমূল জাতীয় পার্টি গঠন করা হয়েছে। রাঙ্গার ওপর থেকে এরশাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়া হলে এই কমিটি বাতিল করা হবে।মশিউর রহমান বলেন, ‘দলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সভায় আমাকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত হয়। দলের বিরোধিতা করে রাজনীতিতে বেশি দিন টিকে থাকা যায় না। এর জবাব জনগণই দেবে।’একজন প্রার্থীকে সমর্থন দেওয়া প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রথম আলোকে বলেন, ‘আমি বলেছিলাম, কাউকে সমর্থন দেব না। কিন্তু স্থানীয় নেতারা একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এ অবস্থায় কাউকে সমর্থন দেওয়া না হলে ভোট তিন ভাগ হয়ে যেত। দলে বিভক্তি দেখা দিত।’ দলে বর্তমান ভাঙনের ব্যাপারে এরশাদ বলেন, ‘এটা ঠিক হয়ে যাবে।’জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তে মশিউর রহমানকে সমর্থন দেওয়া হয়েছে। রংপুরে যা ঘটেছে, সে ব্যাপারে দল অবগত আছে। শিগগিরই চেয়ারম্যান দলীয় ফোরামে আলোচনা করে করণীয় নির্ধারণ করবেন।