এরশাদের সামরিক শাসন অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এরশাদের সামরিক শাসনকে অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট, ২০১০) বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।সপ্তম সংশোধনীর মাধ্যমে ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের সব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হয়েছিল।রায়ে আদালত বলেন, সামরিক আইন প্রশাসক হিসেবে এরশাদের সামরিক শাসন জারি, আদেশ, সামরিক ফরমান জারি ও কার্যক্রম অবৈধ ঘোষণা করা হলো। তবে ভবিষ্যতে বিশৃঙ্খলা এড়াতে পঞ্চম সংশোধনী মামলার রায়ের আলোকে এরশাদের আমলের কর্মকাণ্ডকে মার্জনা করা হলো।রায়ে বলা হয়, ভবিষ্যতে অবৈধভাবে ক্ষমতা দখল রোধে সংবিধান বা দণ্ডবিধিতে অবৈধ ক্ষমতা দখলকারীর শাস্তি নির্ধারণ করতে পারবে জাতীয় সংসদ। যাতে করে ভবিষ্যতে এভাবে অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করতে উত্সাহী না হন।এরশাদের শাসনামলে সামরিক আদালতের রায়ে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিক আহমেদ হাইকোর্টে একটি রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। সাবেক সামরিক শাসক এরশাদের ক্ষমতা গ্রহণ ও ১৯৮২ থেকে ’৮৬ সাল পর্যন্ত জারি করা সামরিক আইন, ফরমান, আদেশ ও নির্দেশকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনী কেন অবৈধ নয়, তা জানতে চাওয়া হয়। রুলের ওপর সাত দিন শুনানি শেষে গতকাল আদালত রায় দেন। দুপুর ১২টা ৪০ মিনিটে রায় দেওয়া শুরু করে দুইটা ৪৭ মিনিটে শেষ করেন আদালত। এ সময় আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও মুরাদ রেজা উপস্থিত ছিলেন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী হাসান এম এস আজিম ও মির্জা আল মাহমুদ। এ ছাড়া অ্যামিকাস কিউরি হিসেবে উপস্থিত ছিলেন এম আমীর-উল ইসলাম ও আবদুল মতিন খসরু।মোশতাক, জিয়া ও এরশাদ সম্পর্কে: আদালত বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক ক্ষমতা নেন। খন্দকার মোশতাক আহমেদ স্পিকার বা ভাইস প্রেসিডেন্ট না হয়েও অবৈধভাবে ক্ষমতা দখল করেন। তিনি বৈধ ক্ষমতার দাবিদার ছিলেন না। মোশতাকের কাছ থেকে ক্ষমতা দখল করেন জিয়াউর রহমান। মোশতাক ও জিয়া সামরিক ফরমানবলে মুক্তিযুদ্ধের চেতনাসংবলিত সংবিধানের মূলনীতি পরিবর্তন করেন। এতে রাষ্ট্রীয় মূল স্তম্ভের মৃত্যু হয়। মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’ মুছে ফেলা হয়। বাংলাদেশ বেতারকে করা হয় রেডিও বাংলাদেশ। স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করেন জিয়াউর রহমান। চিহ্নিত স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানানো হয়। কর্নেল মুস্তাফিজুর রহমানকে করা হয় মন্ত্রী। পাকিস্তানের সহযোগীদের ছেড়ে দেওয়া হয়। ধর্মনিরপেক্ষতা ধ্বংস করে দেন জিয়া। এমনকি বঙ্গবন্ধুর স্বীকৃত খুনিদের পুনর্বাসন করেন। খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেন। জিয়া খন্দকার মোশতাকের সহায়তায় ইনডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের পথ বন্ধ করেছিলেন। জিয়ার উত্তরসূরি হিসেবে বিচারপতি সাত্তারের কাছ থেকে ক্ষমতা দখল করেন এরশাদ। মোশতাক, আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জিয়াউর রহমানের মতো এইচ এম এরশাদও অবৈধ ক্ষমতা দখলকারী। তাঁর এই কাজকে মার্জনা করা যেতে পারে না। অবৈধ ক্ষমতা দখলকারী হিসেবে এরশাদ তাঁর দায় এড়াতে পারেন না। সংবিধানের পঞ্চম সংশোধনীর রায়ের আলোকে এ ধরনের অবৈধ ক্ষমতা দখলকারীকে যথাযথভাবে শাস্তি দিতে সংসদ আইন প্রণয়ন করতে পারে।সংবিধানের শ্রেষ্ঠত্ব: রায়ে আদালত বলেন, সংবিধানে সামরিক আইনের কোনো বিধান নেই। তাই সামরিক আইন জারি অবৈধ। কোনো সংসদ সংবিধান পরিপন্থী আইন পাস করতে পারে না ও বৈধতা দিতে পারে না। এরশাদের সামরিক আইন আদেশ অবৈধ হওয়ায় এর অধীনে জারি করা সব কাজ, ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা এবং সেই আদালতের বিচার অবৈধ। আদালত বলেন, সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণই সব ক্ষমতার মালিক। সংবিধান দেশের সর্বোচ্চ আইন। এই আইনের ওপর সামরিক আইনসহ কোনো আইনের অবস্থান হতে পারে না।সংবিধানের ১৫০ অনুচ্ছেদ: রায়ে বলা হয়, সংবিধানের ১৫০ অনুচ্ছেদে মুজিবনগর সরকার গঠন থেকে সংবিধান কার্যকর করার সময় পর্যন্ত গ্রহণ করা সব কাজকে ক্রান্তিকালীন বিধান হিসেবে বৈধতা দেওয়া হয়। ওই অনুচ্ছেদে আর কোনো বিধান যুক্ত করার পথ চিরতরে (সিলড) বন্ধ করা হলো।ঐতিহাসিক প্রেক্ষাপট: রায়ের শুরুতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সংক্ষেপে বর্ণনা করা হয়। আদালত বলেন, ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। এ অঞ্চলের মানুষ এ বিভক্তি মেনে নেয়নি। পাকিস্তানের দুই অঞ্চলের দূরত্ব ছিল এক হাজার মাইল। খুব কম ব্যাপারেই দুই অংশের মানুষের মধ্যে মিল ছিল। ১৯৫২ সালে বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে পূর্ব পাকিস্তানের মানুষ আন্দোলন গড়ে তোলেন। ১৯৬৬ সালে ছয় দফা দাবি উত্থাপনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ অঞ্চলের একক নেতায় পরিণত হন। ১৯৭০ সালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ পূর্ব পাকিস্তানে আঘাত হানে। এ সময় সারা বিশ্বের মানুষ দেখতে পায় পূর্ব পাকিস্তানের মানুষ কতটা অসহায়। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে। কিন্তু বাঙালি যেন ক্ষমতায় যেতে না পারে, সে জন্য ভুট্টোকে সঙ্গে নিয়ে ইয়াহিয়া খান ষড়যন্ত্রে মেতে ওঠেন। এ অবস্থায় ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এটি স্বাধীনতার ঘোষণা ছাড়া আর কিছুই নয়।সূচনা পর্বে: এরপর আদালত বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা ছাড়া অন্য কিছু নয়। জাতির জন্য একাত্তরের ২৫ মার্চ কালরাত্রি। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ২৫ মার্চ দিবাগত রাতে চট্টগ্রাম থেকে প্রথম পাঠ করেন এম এ হান্নান। ওই ঘোষণা ২৭ মার্চ কালুরঘাট থেকে দ্বিতীয়বার পাঠ করেন জিয়াউর রহমান।দুই পক্ষের প্রতিক্রিয়া: রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেন, সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়েছে। ’৮২ সালে এরশাদের সামরিক আইন জারি থেকে ’৮৬ পর্যন্ত তাঁর সব কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর আগে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেছিলেন সর্বোচ্চ আদালত। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের মতো এ রায়েও এরশাদের আমলে করা সব কর্মকাণ্ডকে মার্জনা করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত বলেছেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেই ক্ষান্ত হননি। তিনি সংবিধান স্থগিত করেন ও সংবিধানের মূলনীতি পরিবর্তন করেন। কিন্তু এরশাদ শুধু সংবিধান স্থগিত করেন। তবে সংবিধানের কোনো বিধান পরিবর্তন করেননি। এরশাদ অন্যায় করেছেন। আর জিয়াউর রহমান গুরুতর অন্যায় করেছেন। এরশাদের শাস্তির বিষয়ে আদালতের পর্যবেক্ষণ প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চম সংশোধনী মামলার রায়ের মতো এ রায়েও আদালত বলেছেন, অবৈধ ক্ষমতা দখলকারীদের শাস্তির বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদের। সংবিধানের ১৫০ অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার আগের বিষয় ক্রান্তিকালীন বিষয় হিসেবে মেনে নেওয়া হয়েছিল। কিন্তু এর সুযোগ নিয়ে এরশাদ ও জিয়াউর রহমান তাঁদের ক্ষমতা দখল ও ক্ষমতা ছেড়ে দেওয়ার বৈধতা দেন। হাইকোর্ট রায়ে বলেছেন, ১৫০ অনুচ্ছেদ বন্ধ করা হলো। রিট আবেদনকারীর বিচার ও শাস্তি প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ে বলা হয়েছে আবেদনকারী এত দিন শাস্তি ভোগ করেননি। এখন আবেদনকারী নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন। ফৌজদারি আইনে তিনি সেই প্রতিকার চাইতে পারেন। রিট আবেদনকারীর আইনজীবী হাসান এম এস আজিম প্রথম আলোকে বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। এরশাদের শাসনামলের বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সিদ্দিক আহমেদকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তাঁর শাস্তি প্রশ্নে তিনি বলেন, রায়ের অনুলিপি পাওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে। ফিরে দেখা: ১৯৮৪ সালের ১২ নভেম্বর চট্টগ্রামের মসলা ব্যবসায়ী আবু তাহের খুন হন। ওই বছরের ২৪ ডিসেম্বর এ ঘটনায় চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়। সাধারণ আদালতে মামলাটি চলছিল। ’৮৬ সালের ১২ মার্চ এক আদেশে মামলাটি বিশেষ মার্শাল ল আদালত-৩-এ (চট্টগ্রাম) স্থানান্তর করা হয়। ওই বছরের ২০ মার্চ আদালত সিদ্দিক আহমেদ, নূর মোহাম্মদ ও নুরুল আনোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেন। রায়ের সময় সিদ্দিক আহমেদ পলাতক ছিলেন। এরপর ২০০৬ সালের ২ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বছরের ২৪ জানুয়ারি সামরিক শাসন জারি, সামরিক আদালতে বিচার ও দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন সিদ্দিক আহমেদ। বর্তমানে তিনি জামিনে আছেন।