সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখা হয়েছে। তবে ওই সময়ে জারি করা সামরিক ফরমান, আদেশ ও কার্যপ্রণালি সাময়িক সময়ের জন্য মার্জনা করা হলেও সে সময়ে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তিগুলো পুরোপুরি মার্জনা করেছেন আপিল বিভাগ।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সিদ্দিক আহমেদের করা আপিল আংশিক মঞ্জুর করে গতকাল রোববার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয়জন বিচারপতির বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে ১৯৮৬ সালে বিশেষ সামরিক ট্রাইব্যুনালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আপিলকারী সিদ্দিক আহমেদের বিচার ও দণ্ড অবৈধ এবং বাতিল ঘোষণা করা হয়েছে।বিচারিক আদালতে মামলাটির বিচার শুরু না হওয়া পর্যন্ত সিদ্দিক আহমেদের জামিন মঞ্জুর করা হয়েছে। এরপর জামিনের বিষয়টি সংশ্লিষ্ট আদালতের সন্তুষ্টির ওপর নির্ভর করবে। তবে দায়রা জজ আদালতে মামলাটি যে অবস্থায় বিচারাধীন ছিল, সে পর্যায় থেকে পুনরায় বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ে সামরিক শাসন জারির জন্য এরশাদের বিচারের বিষয়ে অভিমত দেওয়া হয়। তবে গতকালের আপিল বিভাগের দেওয়া রায়ের সংক্ষিপ্ত আদেশে এ ব্যাপারে কিছু বলা হয়নি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ে এ বিষয়টি জাতীয় সংসদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ রায়ের পূর্ণাঙ্গ কপি পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।প্রেক্ষাপট: সপ্তম সংশোধনীতে ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত এরশাদের শাসনের বৈধতা দেওয়া হয়। কিন্তু ওই সময় হত্যা মামলায় সামরিক ট্রাইব্যুনালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সিদ্দিক আহমেদ এর বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের এপ্রিলে রিট করেন। এরপর গত বছরের ৫ এপ্রিল আদালত রুল জারি করেন এবং তাঁর জামিন মঞ্জুর করেন। রুলের চূড়ান্ত শুনানির পর গত ২৬ আগস্ট আদালত সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। রায়ে সামরিক আইন প্রশাসক হিসেবে এরশাদের সামরিক শাসন জারি, আদেশ, আইন, সামরিক ফরমান জারি ও কার্যক্রম অবৈধ ঘোষণা করা হয়। তবে ভবিষ্যৎ বিশৃঙ্খলা এড়াতে পঞ্চম সংশোধনী মামলার রায়ের আলোকে এরশাদের আমলের কর্মকাণ্ডকে মার্জনা করা হয়।হাইকোর্টের রায়ে আবেদনকারীর বিষয়ে বলা হয়, তাঁর সাজার মেয়াদ সমাপ্ত হয়নি, তাই মার্জনার শ্রেণীভুক্ত নয়। কিছু জটিলতার কারণে রিট এখতিয়ারের মাধ্যমে তার প্রতিকার পাওয়া সম্ভব নয়। তাই প্রতিকারের জন্য অন্য এখতিয়ারে যেতে হবে। তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার পরামর্শ দেওয়া হলো। এ নির্দেশনা অনুসারে গত ৭ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন সিদ্দিক। জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। কারাগার থেকে গত ১১ এপ্রিল হাইকোর্টের রায়ের অংশবিশেষের বিরুদ্ধে আপিল করেন সিদ্দিক। আপিলের ওপর তিন কার্যদিবস শুনানি শেষে গতকাল রায় দেওয়া হয়।রায় ঘোষণার সময় আপিলকারীর পক্ষে আইনজীবী সৈয়দ আমীরুল ইসলাম, হাসান এম এস আজিম এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন।রায়: সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছে, সংবিধানের (সপ্তম সংশোধনী) অ্যাক্ট, ১৯৮৬ (অ্যাক্ট ১ অব ১৯৮৬) নিয়ে হাইকোর্টের ঘোষিত রায় বহাল রাখা হলো। সংবিধানের চতুর্থ তফসিলের প্যারা ১৯ অবৈধ ও বাতিল ঘোষণা করা হলো। ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালে সংবিধানের সপ্তম সংশোধনী কার্যকর হওয়া পর্যন্ত সময়ে (১৯৮৬ সালের ১১ নভেম্বর) ঘোষিত সব ঘোষণা, মার্শাল রেগুলেশন, সামরিক আদেশ বেআইনি, বাতিল ও আইনের দৃষ্টিতে অস্তিত্ববিহীন ঘোষণা করা হলো। তবে—ক) ওই সময়ে সম্পাদিত সব অ্যাক্ট, কাজ, চুক্তি ও গৃহীত পদক্ষেপ; খ) সব ধরনের কার্যবিবরণী, যা পাস্ট অ্যান্ড ক্লোজ হয়েছে (অতীত বিবেচনায়) তা সাময়িক সময়ের জন্য মার্জনা করা হলো। কিন্তু সব ধরনের আন্তর্জাতিক চুক্তি মার্জনা করা হলো। রিট আবেদনকারীর বিরুদ্ধে সামরিক আদালতে (১৯৮৬ সালের মার্শাল মামলা নম্বর ১২) বিচার ও দণ্ড অবৈধ ও বাতিল ঘোষণা করা হলো। অবশ্য বিশেষ সামরিক ট্রাইব্যুনালে ওই মামলাটি স্থানান্তরের আগে বিচারিক আদালতে যে অবস্থায় ছিল, সে পর্যায় থেকে চলবে। সম্পূর্ণ বিচার চেয়ে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে করা আবেদনটি ভ্রান্ত ধারণা থেকে করায় সরাসরি খারিজ করা হলো। দায়রা জজ আদালতে বিচার শুরুর আগ পর্যন্ত সময়ের জন্য সহজাত ক্ষমতাবলে আবেদনকারীর জামিন মঞ্জুর করা হলো। আংশিকভাবে আপিল মঞ্জুর করা হলো। পূর্ণাঙ্গ রায় পরে দেওয়া হবে।হাইকোর্টের রায়: সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন রায় দেন। রায়ে বলা হয়, সামরিক শাসন জারির জন্য হুসেইন মুহম্মদ এরশাদ ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। এ জন্য তাঁর বিচার হওয়া উচিত। এ বিষয়ে সাক্ষ্যপ্রমাণ আছে কি না, সরকার তা তলিয়ে দেখবে। ভবিষ্যতে যেন এ ধরনের সামরিক শাসন জারির চেষ্টা কেউ না করেন, সে জন্য অতীতে যাঁরা সামরিক শাসন জারি করেছিলেন, তাঁদের বিচার হওয়া আবশ্যক।প্রতিক্রিয়া: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচারিক আদালতে আবেদনকারীর বিরুদ্ধে মামলা চলবে। এই রায়ের পর এরশাদের সামরিক আদালতে সাজাপ্রাপ্তদের জন্য আদালতের দরজা খুলে গেল। তাঁরা এখন আদালতে এসে প্রতিকার চাইতে পারবেন। তবে বিচার থেকে মুক্ত হবেন না। কারণ, আইন তার নিজস্ব গতিতে চলবে।আপিলকারীর আইনজীবী হাসান এম এস আজিম প্রথম আলোকে বলেন, এ রায়ের ফলে এরশাদের সামরিক শাসন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ই বহাল থাকল। ওই সময়ে জারি করা সব সামরিক ফরমান অবৈধ রয়েছে। এর মধ্যে জনহিতকর কাজ এবং ওই সময় করা রাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি মার্জনা করা হয়েছে।ফিরে দেখা: জানা যায়, ১৯৮৪ সালের ১২ নভেম্বর চট্টগ্রামের মসলা ব্যবসায়ী আবু তাহের খুন হন। ওই বছরের ২৪ ডিসেম্বর এ ঘটনায় চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়। সাধারণ আদালতে মামলাটি চলছিল। ’৮৬ সালের ১২ মার্চ এক আদেশে অতিরিক্ত দায়রা জজ আদালত থেকে মামলাটি বিশেষ মার্শাল ল আদালত-৩-এ (চট্টগ্রাম) স্থানান্তর করা হয়। অভিযোগ গঠনের আগে মামলাটি সামিরক ট্রাইব্যুনালে পাঠানো হয়। একই বছর অভিযোগ গঠন করা হয়। ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ’৮৬ সালের ২০ মার্চ ট্রাইব্যুনাল সিদ্দিক আহমেদ, নূর মোহাম্মদ ও নুরুল আনোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেন। রায়ের সময় সিদ্দিক আহমেদ পলাতক ছিলেন। এরপর ২০০৬ সালের ২ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়।গত বছরের ২৪ জানুয়ারি সামরিক শাসন জারি, সামরিক আদালতে বিচার ও দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন সিদ্দিক আহমেদ। এর পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। রুলের ওপর শুনানি শেষে গত ২৬ আগস্ট আদালত রুল আংশিক মঞ্জুর করে রায় দেন।